নিউজ ডেস্ক।।
রোববার (৩০ মে) ভার্চুয়াল প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় অধিভুক্ত কলেজ শিক্ষকদের ১৩তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম এই প্রথম অনলাইনে শুরু হয়েছে।
কোভিড-১৯ এর কারণে চলমান এই শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম এতোদিন বন্ধ ছিল। রোববার (৩০ মে) ভার্চুয়াল প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রায় মাসব্যাপী চলা এই প্রশিক্ষণ কার্যক্রমে দেশের বিভিন্ন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ৪০ জন শিক্ষক অংশ নিয়েছেন।
এই ব্যাচের কোর্স উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, কোভিড-১৯ এর কারণে বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম এতোদিন বন্ধ ছিল। তবে আজকে আমাদের আনন্দের দিন। অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে আবার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে পেরেছি। শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে যুক্ত ছিলেন সিইডিপির প্রকল্প পরিচালক ড. একেএম মুখলেছুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, সিইডিপির উপ-প্রকল্প পরিচালক এবিএম আব্দুল হালিম, জনসংযোগ দফতরের পরিচালক ফয়জুল করিম, তথ্য প্রযুক্তি (আইসিটি) দফতরের পরিচালক মুমিনুল ইসলাম, মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দফতরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্য।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক প্রশিক্ষণ দফতরের পরিচালক হাছানুর রহমান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
