এইমাত্র পাওয়া

প্রাথমিকে চালু এক শিফট

উন্নত দেশের আদলে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতেও চালু হবে এক শিফটে পাঠদান। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত আগেই নিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি শুরু হয়েছে। প্রাথমিকভাবে চারটি প্রাথমিক বিদ্যালয় দিয়ে শুরু হয়েছে এই পরীক্ষামূলক কার্যক্রম। এক শিফটে পাঠদান শুরু হবে সকাল ১০টা থেকে শেষ হবে ৩টা ৪৫ মিনিটে।

৪টির স্কুলের মধ্যে কুড়িগ্রাম জেলার ২টি স্থান পেয়েছে। এর মধ্যে রৌমারি উপজেলার রৌমারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি। এছাড়াও রয়েছে কুড়িগ্রাম ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩৬ নং বালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইতোমধ্যে ওই চারটি স্কুলের রুটিনও প্রকাশ করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, বিদ্যালয়ে দুই শিফটের পরিবর্তে এক শিফট চালুর কাজ চলমান। এছাড়া, প্রতিটি বিদ্যালয়ে কমপক্ষে ৯টি কক্ষ নিশ্চিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সোমবার (২৬ আগস্ট) ঝিনাইদহ সার্কিট হাউসে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় তিনি আরো বলেন, অনলাইনে বদলির নীতিমালা প্রণয়নে সফটওয়্যার তৈরির কাজ শুরু হয়েছে। জানুয়ারি-মার্চ সহকারী শিক্ষক বদলির নীতিমালা সংশোধন হচ্ছে। এ সংক্রান্ত কমিটি এক মাসের মধ্যে নীতিমালা চূড়ান্ত করতে কাজ করছে। প্রাথমিক শিক্ষার কর্মকর্তা-কর্মচারীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দিনে কমপক্ষে দুই ঘণ্টা জাতির জন্য ব্যয় করার নির্দেশনা দিয়েছেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বিদেশ সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় নতুন নতুন বিষয় সংযোজন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তা-শিক্ষকদের জন্য বিদেশে প্রশিক্ষণের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। এছাড়া, প্রশিক্ষণের সুবিধা বৃদ্ধি করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.