এইমাত্র পাওয়া

উপাচার্য কলিমুল্লাহর বক্তব্য অনভিপ্রেত: ইউজিসি

নিউজ ডেস্ক।।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও ইউজিসিকে নিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ যেসব মন্তব্য করেছেন তা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

শনিবার ইউজিসির এক বিবৃতিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগে বেরোবির বিশেষ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বড় ধরনের অনিয়মের অভিযোগ উত্থাপিত হলে তা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ইউজিসিকে দায়িত্ব দেওয়া হয়। ইউজিসির তদন্ত কমিটি পেশাদারি মনোভাব নিয়ে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্নেষণ, সরেজমিন পরিদর্শন ও সংশ্নিষ্টদের সঙ্গে কথা বলে সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে একটি বস্তনিষ্ঠ ও নিরপেক্ষ প্রতিবেদন তৈরি করে। গত ২৪ ফেব্রুয়ারি সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। তদন্তের কোনো পর্যায়ে শিক্ষামন্ত্রী বা অন্য কারও প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নেই।

বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে সংবাদ সম্মেলনে উপাচার্য কলিমুল্লাহ শিক্ষামন্ত্রী ও তদন্ত কমিটি নিয়ে ব্যক্তিগত বিষোদ্গার করেছেন। উপাচার্যের মতো দায়িত্বশীল পদে অধিষ্ঠিত একজন ব্যক্তির কাছ থেকে কোনোভাবেই এটি প্রত্যাশিত নয়।

বিবৃতিতে বলা হয়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দায়িত্ব নেওয়ার পর থেকে ইউজিসির কোনো বিষয়ে প্রভাব বিস্তারের বিন্দুমাত্র চেষ্টা করেননি। কোনো উপাচার্য বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রভাবিত হতে পারে, এমন কোনো পরামর্শ বা নির্দেশনা তিনি কখনোই দেননি। বরং বিভিন্ন সভা-সেমিনারে তিনি গুণগত ও মানসম্পন্ন উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরি ও টেকসই উন্নয়নে গুরুত্ব দিয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.