এইমাত্র পাওয়া

প্রশ্নফাঁস : ৭ ঢাবি শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

শিক্ষাবার্তা ডেস্ক:

প্রশ্নফাঁস ও ভর্তি জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাত শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ (ডিবি)।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সভায় এ সুপারিশ করা হয়। ডিবির সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন- ফজলুল হক মুসলিম হলের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাকসুদুর রহমান, কবি জসিম উদ্দিন হলের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিজন আহমেদ, কুয়েত মৈত্রী হলের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আয়েশা আক্তার তামান্না, কবি জসিম উদ্দিন হলের ফিন্যান্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহ মেহেদী হাসান, স্যার এ এফ রহমান হলের ইতিহাস বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাইমিনুল ইসলাম, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের দর্শন বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল আলম এবং অমর একুশে হলের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহেদ আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

এ বিষয়ে প্রক্টর গোলাম রব্বানী বলেন, ২০১২-১৩ থেকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া এসব শিক্ষার্থীর বিরুদ্ধে সিআইডি চার্জশিটের ওপর ভিত্তি করে ৭ জনকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে শৃঙ্খলা পরিষদ। এছাড়া আরও দুইজনকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত প্রশ্নফাঁস ও ভর্তি জালিয়াতিতে জড়িত থাকায় তিন দফায় বিশ্ববিদ্যালয়ের ৮৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, শৃঙ্খলা পরিষদ তাদেরকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে। বিশ্ববিদ্যালয়ের সামনের সিন্ডিকেট সভায় তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.