এইমাত্র পাওয়া

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ, আটকা শতাধিক গাড়ি

নিউজ ডেস্ক।।

পদ্মা ও যমুনায় ঘনকুয়াশার কারণে সোমবার রাত ৪টা থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে আটকে পড়েছে শতাধিক গাড়ি। সড়কের বেশিরভাগ গাড়ি চালাতে হচ্ছে হেড লাইট জ্বালিয়ে।

এ দিকে ফেরি সেক্টরের আরিচা ঘাটের ডিজিএম মো: জিল্লুর রহমান জানান, পাঁচ বছর আগে প্রায় কোটি টাকা ব্যয়ে আটটি ফেরিতে সেট করা হয় ফক্ লাইট, যা এখন কোনো কাজেই আসছে না। অথচ নদীতে কুয়াশায় ওই ফক্ লাইট কাজ করলে ফেরি চলাচল স্বাভাবিক থাকত। তিনি আরো জানান, নিম্নমানের ফক্ লাইট লাগানোর কারণে প্রথম থেকেই তা কাজ করছে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, রাত ৪টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়ায় নৌপথে দিক নির্ণয়ে ব্যর্থ হওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ ছাড়াও সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুল্লা রনি বলেন, রাত ৩টা থেকে নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত ৪টায় নদীতে মার্কিং বাতি দেখা না গেলে নদীতে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ করে রাখা হয়। ঘনকুয়াশায় পদ্মানদীতে দিক নির্ণয় করতে ব্যর্থ হয়ে এ সময় মাঝনদীতে চারটি ফেরি দুই শতাধিক গাড়িসহ আটকা পড়ে নোঙ্গর করে আছে। সকাল ১০টা পর্যন্তও কুয়াশা না কাটায় উভয় ঘাটেই পারপারের জন্য আসা যানবাহনের সিরিয়াল বাড়ছে। বেলা বাড়ার সাথে সাথে এ সিরিয়াল আরো বাড়তে থাকবে।

তিনি আরো জানান, তবে কুয়াশা কেটে যাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া নৌশকোচ ও ছোট গাড়ি পার করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.