অনলাইন ডেস্ক ||
নায্য দাবি আদায় করতে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কতিপয় শিক্ষার্থীর বহিষ্কারাদেশ ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ফলে একাধিক শিক্ষককে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দ্রুত এসকল সিদ্ধান্ত প্রত্যাহার, শিক্ষার্থীদের ৫ দফা দাবি বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে বরিশালে বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় নগরীর অশ্বিনী কুমার (টাউন) হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শুরুতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তীতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন শিকদার ও পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন শিকদার।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল সরকারি মহিলা কলেজের সংগঠক অদিতি ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় জনগণের মত প্রকাশের স্বাধীনতার কেন্দ্র হওয়ার কথা। কিন্তু ছাত্রদের আবাসন, চিকিৎসাসহ ৫ দফা দাবি পেশ করার জন্য স্বৈরাচারী কায়দায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ জন ছাত্রকে বহিষ্কার ও ৩ জন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। বক্তারা অবিলম্বে এই ছাত্র বহিষ্কার ও শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। একইসাথে বক্তারা ছাত্রদের ৫ দফা দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহবান জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
