এইমাত্র পাওয়া

উপাচার্যকে ক্যাম্পাসে ফেরাতে বেরোবি শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি

নিউজ ডেস্ক।।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহকে সার্বক্ষণিক ক্যাম্পাসে উপস্থিতি এবং দুর্নীতির হাওয়া ভবন খ্যাত ঢাকাস্থ লিয়াজোঁ অফিস বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ১২টা থেকে এ কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ ১ হাজার ৩০০ দিনের মধ্যে ১ হাজার ১০০ দিনই ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন এবং ক্যাম্পাসে না এসে ঢাকাস্থ লিয়াজোঁ অফিস থেকে তিনি একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে চলেছেন। এতে সারাদেশে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে চলেছেন তিনি।

শিক্ষার্থীদের মতে, বিভাগের যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও সম্পূর্ণ অবৈধভাবে একাই অনেকগুলো বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব নিজের কাছে কুক্ষিগত করে রেখেছেন উপাচার্য। তিনি সার্বক্ষণিক ঢাকায় অবস্থান করার কারণে বিভিন্ন সময় বিভাগীয় প্রধানের স্বাক্ষর নিতে হয়রানির শিকার হতে হচ্ছে শিক্ষার্থীদের।

এই গণস্বাক্ষর কর্মসূচিতে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে ক্যাম্পাসে উপাচার্যের উপস্থিতির দাবি জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.