যুক্তরাজ্যের সব ফ্লাইট বন্ধের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক।।

যুক্তরাজ্য থেকে আসা সব ফ্লাইট বন্ধের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আর ফ্লাইট বন্ধ না করা পর্যন্ত লন্ডন থেকে দেশে আসা সকল যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখাও সুপারিশ করেছে কমিটি। সম্প্রতি দেশটিতে নতুন প্রজাতির করোনা শনাক্ত হওয়া ও অধিক সংক্রমণ ছড়ায় এই সুপারিশ করা হয়েছে।

৩০ ডিসেম্বর, বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এমন সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, যুক্তরাজ্যের দক্ষিণ ও দক্ষিণপূর্বে একটি নতুন প্রজাতির এবং অধিক সংক্রামক করোনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর পৃথিবীর বিভিন্ন দেশ যুক্তরাজ্যের ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করছে। এজন্য বাংলাদেশকে সতর্ক হতে বলেছে সংসদীয় কমিটি।

তাই একই কারণে লন্ডনগামী সব ফ্লাইট বন্ধের জন্য সংসদীয় কমিটি সুপারিশ করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

এদিকে একই কারণে জার্মানি, ইতালি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, তুরস্ক এবং কানাডাসহ বিশ্বের অন্তত ৪০টি দেশ এ পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। এমনকি ভারতও নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানা গেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.