এইমাত্র পাওয়া

মন্ত্রীর বক্তব্যের পর শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক।।

করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা থাকলেও আগামী ১৪ নভেম্বরের পর সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে এবং কাল-পরশুর মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এমন বক্তব্যের পর বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রীর ওই বক্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে-সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে যাচ্ছে- এমন খবর ছড়িয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে বুধবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রণালয়। এতে বলা হয়, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বা খোলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত হলে তা সঙ্গে সঙ্গে গণমাধ্যমকে জানানো হবে।

এর আগে আজ বুধবার দুপুরে বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ধিত ছুটি আগামী ১৪ নভেম্বর শেষ হচ্ছে। ১৫ নভেম্বর থেকে খুলে দেয়া হবে নাকি ছুটি আরো বাড়বে, নাকি সীমিত আকারে ক্লাস শুরু হবে- এসব নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি, কাজ চলছে। কাল বা পরশুর মধ্যে একটা সিদ্ধান্ত নিতে হবে, জানাতে হবে।

আগামী বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে ক্লাস চালু হতে পারে জানিয়ে তিনি বলেন, সামনে পরীক্ষা থাকায় তার আগেই কীভাবে সিলেবাস শেষ করা যায়- এসব বিষয়ে আমরা ভাবছি।

করোনা সংকটের মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়া হচ্ছে জানিয়ে দীপু মনি বলেন, অনেক সীমাবদ্ধতা থাকার পরও আমরা চেষ্টা করছি। এই চেষ্টা আরো ভালোভাবে চালিয়ে নেয়া দরকার। কেননা, করোনা কবে যাবে বা শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি কবে খুলে দেয়া যাবে, তা এখনো অনিশ্চিত।

শিক্ষাবার্তা/এসজেড


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.