এইমাত্র পাওয়া

আড়াইহাজারে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আড়াইহাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

প্রধান অতিথি বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের অহংকার। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আপনারা ঝাঁপিয়ে পড়ে লাল সবুজের সোনার বাংলাদেশ আমাদের উপহার দিয়েছেন। আপনাদের ঋণ কোনোভাবেই আমরা পরিশোধ করতে পারবোনা। বিগত সময়ে ক্ষমতায় থাকা সরকার দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শুধু ব্যবহার করেছে।তারা আপনাদের যথাযথ মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে। একমাত্র আওয়ামীলীগ সরকার আপনাদের উপযুক্ত মর্যাদা দিয়ে সেই ঋণ কিছুটা হলেও শোধ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত পদক্ষেপের ফলে দেশে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা থাকবে না।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরি করেছেন। আপনাদের সামগ্রীক উন্নয়নের লক্ষ্যে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আগামীতে মুক্তিযোদ্ধা সম্মানী প্রায় দ্বিগুণ করার প্রস্তাব সরকারের সক্রিয় বিবেচনায় আছে।

সভাশেষে নির্বাচিত ২১ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যেককে দশ হাজার টাকার চেক প্রদান করা হয়।

আড়াইহাজার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কাজী ওয়াজ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এএসপি মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ ইউনিট এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.