এইমাত্র পাওয়া

চাপের মুখে কমছে টিউশন ফি

নভেল করোনাভাইরাস মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও থেমে নেই বেসরকারি প্রতিষ্ঠানে টিউশন ফিসহ বিভিন্ন ফি আদায়। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। কয়েক মাস ধরে চলছে নানা ধরনের প্রতিবাদ। রাজধানীর কয়েকটি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের অযৌক্তিক ফি আদায় বন্ধ করার দাবিতে সম্প্রতি আন্দোলনও শুরু করেন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে টিউশন ফি কমানোর নতুন নির্দেশনা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই তা প্রতিষ্ঠানপ্রধানদের জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক গতকাল সাংবাদিকদের জানান, ফি কমাতে ঢালাওভাবে কোনো নির্দেশনা দেওয়া হবে না। করোনা পরিস্থিতির মধ্যে কিছু অভিভাবক নানাভাবে আর্থিক সংকটের মধ্যে পড়েছেন। তাদের সন্তানদের টিউশন ফি আদায়ে কিছুটা ছাড় দিতে বলা হবে। সৈয়দ গোলাম ফারুক বলেন, ‘রাজধানীসহ দেশের জেলা শহরের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি-সংক্রান্ত বিষয়ে কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে। এমন প্রতিষ্ঠানের হার প্রায় ২০ শতাংশ হতে পারে। এসব প্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থী টিউশন ফি দিতে পারছে না তাদের বিষয়টি বিবেচনা করে আমরা এ সংক্রান্ত একটি নির্দেশনা তৈরির কাজ শুরু করেছি। চলতি মাসের মধ্যে এটি জারি করা হবে।’

এর আগে বুধবার এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ব্যয় না হওয়া অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
জানা যায়, প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষাসহায়ক নানা ফি আদায় করা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা প্রথমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের হস্তক্ষেপ চাইলেও আশানুরূপ ফল পাননি। পরে বিভিন্ন মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন তারা। গত জুন মাসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি টিউশন ফি আদায়ে আরো নমনীয় ও মানবিক হওয়ার নির্দেশনা দেন প্রতিষ্ঠানপ্রধানদের। কিন্তু তারপরও বন্ধ হয়নি অতিরিক্ত ফি আদায়। সর্বশেষ গত সেপ্টেম্বর মাস থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে সোচ্চার হতে থাকেন। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

সম্প্রতি রাজধানীর একটি বেসরকারি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েক দিন বিক্ষোভ করেছেন অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.