এইমাত্র পাওয়া

দৈনিক সংগ্রামের চীফ রিপোর্টার রুহুল আমিন গাজী গ্রেফতার

 নিউজ ডেস্ক।।

সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় মগবাজারের দৈনিক সংগ্রাম অফিস থেকে হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। রুহুল আমিন গাজী দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে গতকাল সন্ধ্যায় জানিয়েছেন, “রাষ্ট্রদ্রোহের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই সূত্রে তাকে গ্রেফতার করা হয়েছে।”

তবে তার আইনজীবীরা জানিয়েছেন, রুহুল আমিন গাজী ওই মামলায় জামিনে আছেন।

সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামী নেতা রুহুল আমিন গাজীকে গ্রেফতারের পর পুলিশের দলটি তাকে প্রথমে হাতিরঝিল থানায় নিয়ে যায়। সেখান থেকে উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও) জোনের কার্যালয়ে নেয়া হয়। গত রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি পুলিশ হেফাজতেই ছিলেন।

বিএফইউজের মহাসচিব এম আবদুল্লাহ এ সম্পর্কে গতকাল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, তথ্য প্রযুক্তি মামলায় কোর্টে নির্ধারিত তারিখে হাজিরা না দেয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। কিন্তু হাইকোর্ট থেকে স্থায়ী জামিনে থাকা অবস্থায় গ্রেফতার সম্পর্কে পুলিশ কোনো সদুত্তর দিতে পারেনি। একজন শীর্ষ সাংবাদিক নেতাকে বিভ্রান্তিকর পরোয়ানায় সংবাদপত্র অফিস থেকে এ গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে তার মুক্তি চাই।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কাদের গনি চৌধুরী এক প্রতিক্রিয়ায় জানান, একজন শীর্ষ সাংবাদিক নেতাকে সংবাদপত্র অফিস থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা নজিরবিহীন। আমি সরকারের এ ধরনের নিপীড়নের তীব্র নিন্দা জানাচ্ছি। দুঃশাসনের বিরুদ্ধে সাংবাদিকসমাজসহ দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.