নিজস্ব প্রতিবেদক।।
দেশে মহামারি করোনার বিস্তার ঠেকাতে সরকার সবার আগে যে পদক্ষেপ নিয়েছিলো সেটি হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা। যার ফলে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়াও এই ছুটি বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করেছে সরকার। অবশ্য কিছু ক্ষেত্রে অনলাইন ও টেলিভিশনে ক্লাস নেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা বাতিল করা হয়।
সবশেষ চলতি বছরে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষাও হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘চলতি বছর মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা হবে না। এর পরিবর্তে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেয়া হবে।
মাধ্যমিক স্তরে ষষ্ঠ, সপ্তম, নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন কিভাবে করা হবে? এ ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, ‘চলতি বছরের মাধ্যমিক পর্যায়ে নতুন পদ্ধতির সিলেবাস প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী, মাধ্যমিকে সাপ্তাহিক অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘৩০ দিনের মধ্যে শেষ করা যায় এমন সিলেবাস তৈরি করেছে পাঠ্যপুস্তক বোর্ড। এই সিলেবাসটি সব প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হবে। প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের সেই সিলেবাসের ওপর অ্যাসাইনমেন্ট দেয়া হবে। শিক্ষার্থীরা সেই অ্যাসাইনমেন্ট করে স্কুলে জমা দেবেন। তার ভিত্তিতে স্কুলগুলো নিজ নিজ শিক্ষার্থীর মূলাায়ন করবে। এগুলো অনলাইনেও নেয়া যাবে।’
দীপু মনি বলেন, ‘এ সময়ে অন্য কোন কার্যক্রম চলবে না। শিক্ষার্থীদের যেখানে দুর্বলতা থাকবে, সেগুলো পরবর্তী ক্লাসে পূরণ করা হবে। এটি ক্লাস মূল্যায়নে কোনো প্রভাব ফেলবে না।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘গত মার্চে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর টেলিভিশন ও অনলাইনে ক্লাস চালু করেছি। বেসরকারি প্রতিষ্ঠানেও অনলাইনে ক্লাস শুরু হয়েছে। সবাই এর উন্নতিতে কাজ করছে। তবে এটা ঠিক, সবার প্রয়োজনীয় ডিভাইস না থাকায় সমস্যা থাকছে। তবে শিক্ষকরা মোবাইলে খোঁজ-খবর নিচ্ছে। সবার কাছে নতুন বই আছে।’
তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের সহযোগিতার মনোভাব ও ক্লাসে আগ্রহ আছে। নভেম্বরের মধ্যে অনেকে সিলেবাস শেষ করতে পারবে। বেশিরভাগ শিক্ষার্থী পাঠ্যবই পড়তে পারবে। তাদের মূল্যায়নের ব্যবস্থা করা হবে।’
ইতোমধ্যে প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী শ্রেণিতে প্রমোশন দিতে বলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
