নিজস্ব প্রতিবেদক।।
ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি না মানায় গত বছরের নভেম্বরে রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদকে টেনেহিঁচড়ে ক্যাম্পাসের পুকুরে ফেলে দিয়েছিলেন সংগঠনটির কয়েকজন নেতাকর্মী। এবার সেই অধ্যক্ষকে ঢাকায় পদায়ন করেছে সরকার।
ফরিদ উদ্দিন আহম্মেদকে প্রেষণে কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৪ অক্টোবর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি হয়েছে। আদেশের পরদিন ১৫ অক্টোবর ফরিদ উদ্দিন আহম্মেদের যোগদানপত্র গ্রহণ করে তাকে ওই পদে পদায়ন করেছে কারিগরি শিক্ষা বোর্ড।
ফরিদ উদ্দিন আহম্মেদকে ঢাকায় বদলি করে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশীদ মল্লিককে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ করা হয়েছে।
গত বছরের ২ নভেম্বর দুপুরে ফরিদ উদ্দিন আহম্মেদেকে টেনেহিঁচড়ে ক্যাম্পাসের পুকুরে ফেলে দেন ক্যাম্পাসটির কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী। ওই ঘটনায় শিক্ষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন শিক্ষকসহ সচেতন মহল।
অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদকে টেনেহিঁচড়ে পুকুরের ফেলে দেওয়ার ঘটনায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের চার শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলসহ ১৬ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
