এইমাত্র পাওয়া

প্রথম ম্যাচেই আটকে গেল রিয়াল

নিজস্ব প্রতিবেদক।।

সর্বশেষ লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দলটাও বেশ গোছানো। বার্সার মতো ‘ছন্নছাড়া’ নয়। ‘নতুন’ শুরু নয়। ক্লাবেও নেই কোন ‘অস্বস্তি’। নতুন মৌসুমে পরিষ্কার ফেবারিটের তকমা নিয়ে তাই শুরু করেছে রিয়াল। কিন্তু ফল প্রত্যাশার সঙ্গে মেলাতে পারেনি তারা।

মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই পয়েন্ট হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোল শূন্য সমতায় মাঠ ছেড়েছেন করিম বেনজেমারা। পাঁচ বছর পরে জিনেদিন জিদানের দল লিগ মৌসুমের শুরুর ম্যাচে পয়েন্ট হারিয়ে শুরু করেছে।

প্রথমার্ধের শেষ দিকে গোল করার দারুণ কটা সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। প্রথমে সের্গিও রামোসের দারুণ শট আটকে যায় সোসিয়েদাদ ফুটবলারের শরীরে। হ্যান্ড বল তথা পেনাল্টির আবেদন করলেও অনিচ্ছাকৃত হওয়ায় তা নাকচ করে দেন রেফারি। এরপর প্রথমার্ধের শেষ বাঁশির আগে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটা হারান করিম বেনজেমা।

দ্বিতীয়ার্ধেও রিয়াল সুযোগ পায়। কিন্তু কাজে লাগাতে পারেনি। সুযোগ নিতে পারেনি রিয়াল সোসিয়েদাদও। দারুণ তিনটি সুযোগ পেয়েছে তারা। গোল দিয়ে এগিয়ে যেতেই পারতো। দুটি লস ব্লাঙ্কোস গোলরক্ষক থিবো কোর্তোয়া ফিরিয়েছেন। একটি তারা গোল পোস্টের বাইরে মেরেছেন।

রিয়াল মাদ্রিদ মৌসুম শুরুর ম্যাচে নিয়েছে বড় এক সিদ্ধান্ত। কাসেমিরোকে বেঞ্চে রেখে মার্টিন ওডেগার্ডকে দিয়ে প্রথম একাদশ সাজান তিনি। গত মৌসুমে কাসেমিরো ছিলেন না এমন তিন ম্যাচের মাত্র একটিতে জিততে পেরেছিল রিয়াল। এ ম্যাচটাও শেষ হলো সমতায়। এছাড়া প্রথম ম্যাচেই রিয়ালের রাইট উইঙ্গের বড় ফাঁকা চোখে পড়ার মতো। বেল-রদ্রিগেজ দু’জনই দল ছেড়েছেন। কিন্তু রদ্রিগো গোয়েস এখনও প্রস্তুন নন ওই প্রান্তের জন্য।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.