নিউজ ডেস্ক।।
করোনা ভাইরাস মহামারীর মধ্যে ৫ হাজার ৫৪ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। তাদের নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন উচ্চ আদালত।
গতকাল মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নিয়োগবঞ্চিত ৫১ জনের করা রিট আবেদনের প্রাথমিক শুনানির পর এ রুল জারি করেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ রিট আবেদনকারী ৫১ জনকে নিয়োগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পিএসসির চেয়ারম্যানসহ ৫ বিবাদীকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক ও বিভূতি তরফদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেসমিন সুলতানা সামসাদ।
অনীক বলেন, কোভিড-১৯ মহামারীর মধ্যে সরকার দশম গ্রেডে ৬ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী চাহিদাপত্র পাঠালে পিএসসি লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ২১২ জনের মধ্য থেকে ৫ হাজার ৫৪ জনের নিয়োগের সুপারিশ করে। যাদের মধ্যে অন্তত পাঁচজন মৌখিক পরীক্ষাই দেয়নি। সরকারের চাহিদা থাকার পরও ১৫৮ জনকে বাদ দিয়ে পিএসসি ৫ হাজার ৫৪ জন নিয়োগের সুপারিশ করেছে, তাদের মধ্যে আবার অযোগ্যদের সুপারিশ করা
হলো। তাই পিএসসির সুপারিশকে চ্যালেঞ্জ করে রিট করা হয়েছিল। আদালত রুল জারি করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
