এইমাত্র পাওয়া

আশুরা উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢাকা রাজধানী

নিজস্ব প্রতিনিধি।।

আজ পবিত্র আশুরা। এ উপলক্ষে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিবারের ন্যায় এবারও তাজিয়া মিছিল বের হবে পুরান ঢাকার হোসেনি দালান থেকে। তবে তা ছোট্ট পরিসরে হলেও মিছিলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এজন্য পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিভিন্ন নির্দেশনা।

পুলিশ জানিয়েছে, এবার ভিন্নভাবে তাজিয়া মিছিল হবে। ইমামবাড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে মিছিলটি। তবে নিরাপত্তার স্বার্থে মিছিলে অংশ নেওয়া প্রত্যেক ব্যক্তিকে তল্লাশি করে ভেতরে ঢুকতে দেওয়া হবে। মিছিলে ছুরি, তলোয়ার ও লাঠিখেলা নিষিদ্ধ করা হয়েছে। শোকবার্তা স্মরণ করে নিজেদের নিজেরাই আঘাত করে জর্জরিত করতো। কিন্তু এবার সেটি সম্পূর্ণ নিষিদ্ধ। সেই সঙ্গে এবার পাঞ্জাও করা যাবে না। ইমামবাড়ার মধ্যেই মিছিল হবে। কোনো সড়কে আসতে পারবে না বলে জানিয়েছেন চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হোসেন।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়ছে। নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে।

হোসনি দালান ইমামবাড়ার প্রশাসনিক কর্মকর্তা মির্জা মোহাম্মদ নাকি আসলাম   বলেন, ইমামবাড়ার নিরাপত্তায় পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবীরাও কাজ করবে। তবে পুলিশের নির্দেশনা মতো দিনটি পালন করা হবে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) কৃষ্ণ পদ রায় বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাবের সঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক কাজ করবে। লাগানো হয়েছে সিসি ক্যামেরা। যা কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.