এইমাত্র পাওয়া

উহানের সব স্কুল খুলে দেওয়া হচ্ছে মঙ্গলবার

নিজস্ব প্রতিনিধি।।

চীনের উহান শহরের সব স্কুল ও কিন্ডারগার্টেন আগামী মাসের প্রথম দিন থেকে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গত বছরের ডিসেম্বরে হুবেই প্রদেশের এ রাজধানীতেই চীনের মধ্যে প্রথম কোভিড-১৯ রোগীর সন্ধান মিলেছিল। প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর তালিকায়ও উহানের নাম ওপরের দিকেই থাকবে। সংবাদসূত্র : রয়টার্স

শুক্রবার শহরটির স্থানীয় সরকার এক ঘোষণায় মঙ্গলবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শরৎকালীন সেমিস্টারের পাঠদান শুরু করতে বলেছে। তাদের এ ঘোষণার ফলে ১ সেপ্টেম্বর থেকে ১৪ লাখ শিক্ষার্থীর জন্য উহানের দুই হাজার ৮৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বার ফের উন্মোচিত হতে যাচ্ছে।

গত সপ্তাহের সোমবার থেকে উহান বিশ্ববিদ্যালয়ও খুলে দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনায় শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসার পথে মাস্ক পরে থাকতে এবং সম্ভব হলে গণপরিবহণ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে শহর কর্তৃপক্ষ।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয়সংখ্যক সুরক্ষা উপকরণ ও সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম মজুদ করতে এবং নতুন করে প্রাদুর্ভাব দেখা দিলে কী কী করতে হবে সে সংক্রান্ত ড্রিল ও প্রশিক্ষণ ক্লাস নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

সংক্রমণ ফের বাড়তে দেখা গেলে কিংবা ঝুঁকির মাত্রা বদলালে শিক্ষার্থীদের আবার অনলাইন শিক্ষাদান পদ্ধতিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা প্রস্তুত রয়েছে।

তবে বিদেশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো বার্তা পাননি, তাদেরকে উহানে ঢোকার অনুমোদন দেওয়া হবে না।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, শনিবার পর্যন্ত চীনে কোভিড-১৯ এ চার হাজার ৭১৮ জনের মৃতু্য হয়েছে; এর মধ্যে উহানেরই তিন হাজার ৮৬৯ জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.