এইমাত্র পাওয়া

ইংল্যান্ডের বর্ষসেরা হেন্ডারসন

নিজস্ব প্রতিনিধি।।

জর্ডান হেন্ডারসনের দুর্দান্ত পারফরম্যান্স ও নেতৃত্বে দীর্ঘ ৩০ বছর পর ইংলিশ লিগের চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। ব্যক্তিগত এই নৈপুণ্যের বাড়তি একটা পুরস্কার হাতেনাতে পেলেন এ মিডফিল্ডার। ফুটবল রাইডার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন তিনি। এক চতুর্থাংশেরও বেশি ভোট পেয়ে সেরার স্বীকৃতি জিতেছেন হেন্ডারসন।

 পুরস্কার জয়ের পর স্বভাবতই খুব খুশি লিভারপুল অধিনায়ক। শুক্রবার রাতে প্রচারমাধ্যমকে এই মিডফিল্ডার বলেছেন, ‘আমি ভাবিইনি যে এটা জিততে পারি। আমি সবার কাছে কৃতজ্ঞ। শুধু আমার সতীর্থতরাই নন, আমি অনেকের কাছেই ঋণী। এটা জয়ে তাদের একটু হলেও কৃতিত্ব আছে।’

সেরার লড়াইয়ে হেন্ডারসন হারিয়েছেন সতীর্থ ভার্জিল ফন ডাইক ও সাদিও মানেকে। এ ছাড়া সেরা পাঁচে ছিলেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে এবং ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। এর আগে ইংলিশ ফুটবলের বর্ষসেরা নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ সালাহ ও ফন ডাইক।

গেল বৃহস্পতিবার হেন্ডারসনের হাতে তুলে দেওয়া হয় প্রিমিয়ার লিগ শিরোপা। স্যার কেনি ডালগিসের হাত থেকে স্বপ্নের ট্রফি গ্রহণ করেন লিভারপুল অধিনায়ক। এই সাফল্যের কৃতিত্ব পুরো দলকে দিচ্ছেন হেন্ডারসন, ‘সতীর্থদের ছাড়া এটা জেতা সম্ভব হতো না। সতীর্থরাই আমাকে একজন ভালো খেলোয়াড়, ভালো নেতা এবং ভালো মানুষ হতে সহায়তা করেছেন।’

এ মাসের শুরুর দিকে মেয়েদের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন আর্সেনালের ডাচ স্ট্রাইকার ভিভিয়ানে মেইডেমা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.