এইমাত্র পাওয়া

কে বলবে ঢাকায় করোনা আছে!

নিজস্ব প্রতিনিধি।।

দেশজুড়ে চলছে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ। অথচ রাজধানী ঢাকায় যেন সেটির লেশমাত্রও নেই। আজ শুক্রবার নিউমার্কেট, বসুন্ধরা সিটিসহ বিভিন্ন শপিং কমপ্লেক্সে মানুষের ভীড় দেখে যে কেউ এমনটাই ভাববে। আসন্ন ঈদ উপলক্ষে অন্যান্য দিনের তুলনায় আজ রাজধানীতে মানুষের আনাগোনা কয়েকগুণ বেড়েছে। দেখে বোঝার উপায় নেই যে, দেশে করোনা আছে।

একে তো আজ সাপ্তাহিক ছুটির দিন, তারওপর আবার সামনে ঈদুল আজহা। সবমিলিয়ে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও রাজধানী তার আগের রূপে ফিরেছে। শপিংমলসহ বিভিন্ন স্থানে মানুষের আনাগোনা বেড়েছে। এর ফলে বিভিন্ন সড়কে তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর ব্যস্ততা বেড়েছে ট্রাফিক পুলিশদেরও।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিভিন্ন এলাকার রাস্তায় অসংখ্য নারী-পুরুষ ও শিশুর ঢল নামে। দুপুরের পর থেকেই অলিগলি থেকে শুরু করে রাজপথে ছোটবড় বাস, মাইক্রোবাস, জিপ গাড়ি, প্রাইভেটকার, ব্যক্তিগত মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, ভাড়ায়চালিত মোটরসাইকেল, ইঞ্জিনচালিত রিকশা ও প্যাডেলচালিত রিকশাসহ বিভিন্ন যানবাহনের ভিড় বেড়ে যায়।

এদিকে দেশে গত একদিনের ব্যবধানে মরণঘাতী করোনাভাইরাসে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ২ হাজার ৮৩৬ জনের মৃত্যু হলো। এ ছাড়া একদিনে আরো ২ হাজার ৫৪৮ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.