নিজস্ব প্রতিনিধি ।।
বিশেষ প্রণোদনার অংশ হিসেবে বিভিন্ন নন-এমপিও কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এসব প্রতিষ্ঠানের ৫১ হাজার ২৬৬ শিক্ষক ও ১০ হাজার ২০৪ কর্মচারীকে ২৮ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা দেয়া হবে। কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিন ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষকদের জনপ্রতি পাঁচ হাজার ও কর্মচারীদের জনপ্রতি আড়াই হাজার টাকা করে অনুদান দেয়া হবে। বিভিন্ন ধরনের পলিটেকনিক ইনস্টিটিউট, কারিগরি স্কুল ও কলেজ, স্কুলে ভোকেশনাল শাখা, বিএম কলেজসহ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন ধরনের মাদ্রাসার যেসব শিক্ষক ও কর্মচারী এমপিও বা সরকারি খাত থেকে বেতন-ভাতা পান না তারা এ অনুদান পাবেন।
করোনাকালে শিক্ষক ও কর্মচারীদের কষ্টের কথা চিন্তা করে অনুদান দেয়ার উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন টেকনিক্যাল এডুকেশন কনসোর্টিয়াম অব বাংলাদেশের (টেকবিডি) সভাপতি প্রকৌশলী আবদুল আজিজ এবং জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মোমতাজী।
এর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক ও ২৫ হাজার ৩৮ জন কর্মচারীকে ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা এবং ১৩ হাজার ৯২৯টি কওমি মাদ্রাসার এতিম ও দুস্থদের জন্য ১৬ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
