নিউজ ডেস্ক ।।
ঘরে বসেই প্রাথমিকের উপবৃত্তির টাকা রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের শিওরক্যাশের মাধ্যমে পাবে শিক্ষার্থীরা। শনিবার ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি মোবাইল ফোনের ম্যাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের জন্য দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক রূপালী ব্যাংক লিমিটেড এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের যুগ্ম সচিব দিলীপ কুমার বণিক এবং রূপালী ব্যাংকের ডিএমডি খন্দকার আতাউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তির ফলে প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ২০১৯ ও ২০২০ সালে অবশিষ্ট দুই কিস্তির প্রায় ৯০০ কোটি টাকা ও কিট এলাউন্স বাবদ প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা বিতরণ সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফসিউলাহ, অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ, উপবৃত্তি প্রদান প্রকল্পের পরিচালক মো. ইউসুফ আলী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন মো. মিজানুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান ফিরোজ উদ্দিন, প্রগতি সিস্টেমসের সিইও ড. শাহাদাত উল্লাহ খান, রূপালী ব্যাংকের জিএম মো. শওকত আলী খান প্রমুখ।
জানা গেছে, রূপালী ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস রূপালী ব্যাংক শিওরক্যাশের মাধ্যমে ২০১৬ সাল থেকে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে আসছে। দেশে এটিই এ ধরনের সর্বপ্রথম ডিজিটাল উদ্যোগ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
