উত্তরাঞ্চলে বন্যার অবনতি

 

নিউজ ডেস্ক।।

উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। একই সঙ্গে দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলা সিলেট ও সুনামগঞ্জেও বন্যার পানি প্রবেশ করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী এক সপ্তাহে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের নদ-নদীর পানি আরও বাড়বে। এই সময়ে বন্যার আরও বিস্তৃতি ঘটবে। তাদের হিসেব অনুযায়ী উত্তরাঞ্চল পেরিয়ে দেশের মধ্যাঞ্চলের এই দফায় বন্যা দেখা দেবে। তারা জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, সিলেট এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, ব্রহ্মপুত্রের পানি কুড়িগ্রাম দিয়ে, তিস্তার পানি লালমনিরহাটে, পদ্মার পানি মুন্সীগঞ্জে ও হাওড়ের পানি সুনামগঞ্জ দিয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। তারা আরও জানায়, উজান থেকে পানি নেমে আসা ছাড়াও গত দুই সপ্তাহ ধরে উত্তরাঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে, তা দিনাজপুর থেকে নিচের দিকে নওগাঁর আত্রাইয়ে গিয়ে পড়ছে। এতে ওই জেলা ও বগুড়ায় বন্যা হতে পারে। বাকি এলাকার বন্যা মূলত উজানে ভারত থেকে আসা পানি থেকে সৃষ্টি হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.