এইমাত্র পাওয়া

অনলাইন লাইব্রেরি পেল বঙ্গবন্ধু ডিজিটাল ভার্সিটির শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক।।

করোনাকালীন অনলাইন ক্লাস চালুর পর এবার শিক্ষার্থীদের জন্য অনলাইন লাইব্রেরি চালু করেছে দেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ)। বৃহস্পতিবার সকালে এই অনলাইন লাইব্রেরির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম এ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীরসহ বিডিইউ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। করোনা প্রাদুর্ভাবের কারণে দেশের অধিকাংশ সরকারী বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীদের সেশন জটের কথা বিবেচনা করে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে অনলাইনে শিক্ষা কার্যক্রম সচল রেখেছে দেশের এ ডিজিটাল বিশ্ববিদ্যালয়। তারই ধারাবাহিকতায় এবার শিক্ষার্থীদের জন্য যুক্ত হয়েছে অনলাইন লাইব্রেরি। উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, করোনাভাইরাসের শুরু থেকেই আমাদের শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস, গ্রুপ ওয়ার্ক, প্রেজেন্টেশন এবং এ্যাসাইনমেন্ট জমা দেয়ার মতো কাজগুলো সম্পন্ন করছেন। এখানে তাদের উপস্থিতি ৯০ শতাংশের বেশি। আমরা এই ক্লাসগুলো ফ্লিপ্ড পদ্ধতিতে কোলাবোরেটিভ লার্নিং প্যাডাগোজিতে নিচ্ছি। শিক্ষার্থীদের অনলাইন শিক্ষাকে আরও বেশি সমৃদ্ধ করতে আমরা তাদের জন্য অনলাইন লাইব্রেরি সংযুক্ত করেছি।

উপাচার্য আরও বলেন, আমাদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং ভার্চুয়াল মেশিন (ভিএম) ব্যবহার করে অনলাইনে ক্লাস করছে। তাদের অনলাইন শিক্ষাকে আরও বেশি বেগবান করতে আমরা অনলাইন লাইব্রেরি স্থাপন করেছি। আমি আশা করি বিডিইউ বাংলাদেশে অনলাইনে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম হবে।সূত্র-জনকন্ঠ


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading