বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের তিন মাস অতিবাহিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়ও তিন মাস ছুঁই ছুঁই। এ সময়ে অনেক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চললেও মূলত শিক্ষার্থীরা অলস সময়ই পার করছেন।
তবে চাইলেই সময়টাকে কাজে লাগিয়ে বিভিন্ন দক্ষতা অর্জন করা যায়। কী হতে পারে সেগুলো? সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীদের সাথে কথা বলে জানাচ্ছেন একই প্রতিষ্ঠানের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী বরাতুজ্জামান স্পন্দন।
রিফাত আহমেদ, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ
করোনাভাইরাসের ভয়াল থাবায় অন্য সব কিছুর মতো বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বন্ধের এই অফুরন্ত সময় শিক্ষার্থীরা অলস বসে না থেকে অর্থবহ কাজে ব্যয় করতে পারেন। এক্ষেত্রে অনলাইন ডেভেলপিং সোর্স একটা ভালো মাধ্যম। এ সময়ে সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা বাড়ানো যায়, এমন যেকোনো কিছু করার মাধ্যমে অবসর সময়গুলো কাটিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি। কোনো অনলাইন কোর্স যেমন আইইএলটিএস বা ব্লক কোডিং করতে পারি। ডিবেটিংয়ে আগ্রহীরা বিতর্ক প্রতিযোগিতার গ্রুপের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে পারেন।
পরিবারের যারা আধুনিক প্রযুক্তি ব্যবহারে অদক্ষ, তাদের দক্ষ করে তোলার উপযুক্ত সময় এখন। বিভিন্ন অ্যানিমেশন প্রজেক্টের কাজ, প্রবন্ধ, গল্প, রচনা লিখে বিভিন্ন অনলাইন প্রকাশনায় প্রকাশ করার জন্য জমা দেওয়া যেতে পারে। এছাড়া অনলাইন ব্যবসা ভালো একটি অপশন হতে পারে। জায়গা থাকলে বাগান করা যায়, সেটা হতে পারে জানালায়, বারান্দায় ছোট ছোট টবে। এছাড়া আরও বিভিন্ন উপায়ে অবসরে দক্ষতা বৃদ্ধি করা যেতে পারে।
মুহতাসিম হৃদয়, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ
ক্যাম্পাস বন্ধের অলস সময়কে ইচ্ছে করলেই যথাযথভাবে ব্যবহার করা সম্ভব। এ ক্ষেত্রে প্রযুক্তি বিষয়ক দক্ষতা বৃদ্ধি হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এটার মাধ্যমে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট যেমন গ্রাফিক্স ডিজাইন, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ভিডিও এডিটিংসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হতে পারেন। ইংরেজিতে যাদের স্বল্প জ্ঞান আছে, তারা অবসর সময়ে বন্ধুদের সাথে চ্যাটিং গ্রুপ তৈরি কিংবা বিভিন্ন অ্যাপ অথবা ইউটিউবের সাহায্যে নিজের দক্ষতা বাড়িয়ে নিতে পারেন।
সুমাইয়া নাওশীদ তুসি, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদ
বর্তমান পরিস্থিতিতে অনেক দিন যাবত ক্যাম্পাসে যেতে পারছি না। ক্যাম্পাসের বন্ধু-বান্ধব, ক্লাস, কোলাহল এসব খুব মিস করছি। বন্ধের মধ্যে বাড়িতেই থাকার চেষ্টা করছি। পাশাপাশি অনলাইন ক্লাস চালু থাকায় ক্লাস করতে হচ্ছে। এই অলস সময়টাকে নষ্ট না করে ঘরে বসেই আমি আমার সময়কে কাজে লাগানোর চেষ্টা করছি। ছোট ভাই-বোনদেরকে সময় দিচ্ছি। মূলত রান্নার দক্ষতা বাড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি প্রার্থনা করছি।
কাফি খান মেজর, আইন বিভাগ
করোনাভাইরাসের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কবে খুলবে তারও কোনো নিশ্চয়তা নেই। এই অবস্থায় অনলাইনের সাহায্যে আমরা আমাদের অবসর সময় বেশকিছু উপায়ে কাজে লাগাতে পারি। এর মাধ্যমে আমাদের দক্ষতাগুলোকেও বাড়াতে পারি। এক্ষেত্রে অনলাইনে ফ্রিল্যান্সিং যেমন স্কিল বাড়াতে সাহায্য করতে পারে, তেমনি অর্থ উপার্জনের জন্য এটি একটি কার্যকরী উপায় হতে পারে। কিছু শেখার জন্য অনলাইনে প্রচুর রিসোর্স রয়েছে। ইউটিউব, ফেসবুকসহ অনেক রিসোর্স ব্যবহারেই আমরা সিদ্ধহস্ত!
অবসরে স্কিল ডেভেলপমেন্টের বিকল্প কিছু নেই। অনলাইনে স্কিল ডেভেলপ করার জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। এগুলো থেকে ঘরে বসেই প্রয়োজনীয় এবং পছন্দনীয় বিষয়গুলোর উপরে প্রশিক্ষণ নেয়া সম্ভব। তাছাড়া সহশিক্ষা বিষয়ক বিভিন্ন কাজের মাধ্যমেও অবসর সময় কাজে লাগানো যেতে পারে। চাইলেই আপনি নতুন নতুন ভাষা শিখতে পারেন। এক্ষেত্রে যে ভাষাটি শিখতে চাচ্ছেন, সেটার সাব-টাইটেল সিনেমাগুলো দেখলে খুব সহজেই ভাষাটি আয়ত্তে আনতে পারবেন।
আপনি ডকুমেন্টারি দেখতে পারেন। নতুন কিছু সম্পর্কে জানার বা অভিজ্ঞতা লাভের জন্য ডকুমেন্টারি দেখা হতে পারে জ্ঞান চর্চা ও বিনোদনমূলক মাধ্যম। এছাড়াও লিস্টে রাখা যায় অডিও বুক। এই অবসর সময়ে বিভিন্ন মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বাজানো শেখার মাধ্যমেও ঘরে বসে নিজেদের দক্ষতা বাড়ানো যেতে পারে।
সুমন কুমার রায়, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
চলমান পরিস্থিতিতে প্রাণচঞ্চল শিক্ষাপ্রতিষ্ঠানে কবে ফিরতে পারবো, তা আমরা কেউ জানি না! তবে এই লকডাউনের অবসরকে কাজে লাগিয়ে আপনি হতে পারেন একজন ব্লগার। www.blogger.com ঠিকানায় নিজের অ্যাকাউন্ট তৈরি করুন। বাড়িয়ে নিন আপনার আয়ের পথ। ব্লগার ডটকম ব্যক্তি কেন্দ্রিক পত্রিকা। এতে ব্যক্তি তার নিজেস্ব মতামত, গল্প, কবিতা, প্রচ্ছদ বিভিন্ন বিষয়াদি লিখে অর্থ উপার্জন করতে পারবেন।
লকডাউনে যখন সব আউটসোর্সিং ইনস্টিটিউট বন্ধ, তখন আপনি নিদিষ্ট বিষয়ে কোথাও শিখতে পারছেন না। কারো কাছে যেতেও পারছেন না। মনে করলাম আপনার কম্পিউটার বিষয়ে দক্ষতা একদম শূন্য। কিন্তু ব্লগার ডটকম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কম্পিউটার বিষয়ে দক্ষতার চেয়ে নিজে লেখার দক্ষতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। অলস মস্তিষ্ক কখনো ভালো কিছু করতে পারে না। এখনই উপযুক্ত সময়, আপনার মূল্যবান সময়কে কাজে লাগানোর। আপনি যে বিষয়ে দক্ষ, বাস্তবভিত্তিক জ্ঞান আছে তা লিখুন।
নিপা মন্ডল তিশা, ভাষা যোগাযোগ ও সংস্কৃতি বিভাগ
করোনায় থমকে গেছে দেশ, থমকে গেছে বিশ্ব। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বাসাতে অনেকটা অলস সময়ই পার করছি। তবে এই অবসর সময়ে অনলাইনে বিভিন্ন কাজের মাধ্যমে আমরা সময়টাকে কাজে লাগাতে পারি। যারা অভিজ্ঞ তারা ঘরে বসে বিভিন্ন আউটসোর্সিংয়ের কাজ করতে পারেন। এটা শুধু করোনার সময় নই, সময় সুযোগ বোঝে যেকোনো সময়ই করা যেতে পারে। এ সময় অনলাইনে ফ্যাশন ডিজাইনিং একটা ভালো কাজের অপশন হতে পারে।
অলস সময় কাটাতে বই অন্যতম একটি মাধ্যম। একাডেমিক পড়ালেখার বাইরের বই পড়ার অন্যতম একটি সময় এখন। চাইলেই বই পড়ার মাধ্যমে জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করা যেতে পারে। সেটা হতে পারে অনলাইনে বা অন্য কোনো মাধ্যমে। রান্না শেখার দারুণ সুযোগ এখন। মায়ের পাশাপাশি ইউটিউব দেখে বিভিন্ন রান্না শেখা যেতে পারে।
এছাড়া, যেহেতু করোনার প্রকোপ চলছে, সুতরাং খুব দরকার না হলে সরাসরি ডাক্তারের পরামর্শ না নিয়ে টেলিমেডিসিন সেবা গ্রহণ করা যায়। একইসাথে সমাজের মানুষকে এ ব্যাপারে সচেতন করা যেতে পারে।সুত্র রাইজিং বিডি
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
