নিজস্ব প্রতিনিধি।।
নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা ও দুই ঈদ বোনাসের চেক আজ ১৯ মে ব্যাংকে পাঠাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। যা আগামী ২০ মে পর্যন্ত বকেয়া বেতন-বোনাসের টাকা তুলতে পারবেন।
গতকাল সোমবার (১৭ মে ২০২০) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নতুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০১৯ সালের জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত বকেয়া বেতন পাবেন। আর গত আগস্টে অনুষ্ঠিত ঈদুল আযহা আর আগামী ২৫ মে’র ঈদুল ফিতরের ঈদ বোনাস পাবেন। এছাড়া গত এপ্রিল মাসে দেয়া বৈশাখী ভাতা টাকা বাবদ পাবেন তারা। এ প্রতিটি খাতের টাকার চেক আলাদা আলাদাভাবে ব্যাংকে পাঠানো হবে।
এদিকে গত ১৬ মে নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের ৩ হাজার ৬২৬ জন শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত ও স্তর পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদের মধ্যে স্কুলের ২ হাজার ১৬৮ জন এবং কলেজের ১ হাজার ৪৫৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
গত ২৯ এপ্রিল নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ৬৫১টি প্রতিষ্ঠানের তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে ১ হাজার ৬৩৩টি তালিকা প্রকাশ করা হয়। এমপিওভুক্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৯১টি মাধ্যমিক স্কুল, ৪৩০টি নিম্ন মাধ্যমিক স্কুল, ৬৮টি স্কুল অ্যান্ড কলেজ, ৯২টি উচ্চ মাধ্যমিক কলেজ এবং ৫২টি ডিগ্রি কলেজ রয়েছে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিষ্ঠানের শিক্ষকরা ২০১৯ খ্রিষ্টাব্দের ১ জুলাই থেকে বেতন ভাতা পাবেন। আর কোন প্রতিষ্ঠান যোগ্যতা ধরে রাখতে ব্যর্থ হলে তার এমপিও স্থগিত করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
