নিজস্ব প্রতিনিধি।।
সারাদেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ যথাসময়ে বৈশাখী ভাতাসহ এমপিও না পাওয়ায় হতাশা এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শিক্ষক-কর্মচারীগণ কবে নাগাদ বৈশাখী ভাতা পাবেন তার কোন সদুত্তর পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়ে শিক্ষক-কর্মচারীগণ শিক্ষক নেতাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)’র সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পেস্কেলের অন্তর্ভুক্ত করা হলেও বার্ষিক ইনক্রিমেন্ট, পূর্ণাঙ্গ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও বৈশাখী ভাতা থেকে বঞ্চিত করা হয়। বিলম্বে হলেও শিক্ষা ও শিক্ষক বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫% বার্ষিক ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা প্রদান করেন। পরিতাপের বিষয় পূর্ণাঙ্গ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা অদ্যাবধি দেয়া হচ্ছে না।
এহেন আর্থিক বৈষম্যের কারণে তীব্র আর্থিক সমস্যা থাকা স্বত্বেও বেসরকারি শিক্ষক-কর্মচারীগণ সরকার ঘোষিত “লকডাউন” শতভাগ মেনে চলায় এবং কর্মহীন অসহায় মানুষকে যার যার অবস্থানে থেকে সাধ্যমত মানবিক সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটএ)’র পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া আরও বলেন, করোনা ভাইরাস বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত লকডাউনের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের ২০/০৬/২০১২ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ব্যতীত অন্য প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পাঠদান ও বিদ্যালয়/কলেজ নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে অর্জনযোগ্য আয় বন্ধ থাকায় সারাদেশের সম্মানিত শিক্ষক-কর্মচারীগণ ইতোমধ্যেই তীব্র আর্থিক সঙ্কটের মধ্যে দিনাতিপাত করছেন।
এমতাবস্থায় শিক্ষা ও শিক্ষকবান্ধব সদাশয় সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট শিক্ষাব্যবস্থা জাতীয়করণ না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা অথবা বিশেষ প্রণোদনা প্রদানের জন্য অনুরোধ জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
