আন্তর্জাতিক ডেস্ক :
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি আরবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় সোমবার থেকে এই নির্দেশনা কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশটির সব বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়সহ সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার।
সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আল আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। একই দিন দেশটির পূর্ব কাতিফ রাজ্য পুরোপুরি কোয়ারেন্টাইন করে রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ওই এলাকায় একদিনে ১১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। কোভিড-১৯ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় বলছে, ‘প্রতিরোধ এবং সতর্কতামূলক’ পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ছাত্র ও কর্মকর্তাদের এই ভাইরাস আক্রান্তের হাত থেকে রক্ষা করা যায়। পাবলিক ও প্রাইভেট, কারিগরি ও ভোকেশনালসহ সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান এই নির্দেশনার আওতায় থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন ভার্চুয়াল বিদ্যালয় ও ডিসটেনস এডুকেশনের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সৌদি শিক্ষা মন্ত্রণালয়। সৌদি শিক্ষামন্ত্রী হামাদ বিন মোহাম্মেদ আল-আশেইখ এসব তথ্য নিশ্চিত করে বলেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করার আগে দৈনিক এবং সাপ্তাহিক পর্যবেক্ষণ মূল্যায়ন করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
