আন্তর্জাতিক ডেস্ক
সরকারবিরোধী কর্মকাণ্ডেে জড়িত থাকার অভিযোগে ভারত ছাড়ার নোটিশ পাওয়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আফসারা আনিকা মীমের পক্ষে নৈতিক ও আইনি সমর্থনের ঘোষণা দিয়েছেন বিশ্বভারতী শিক্ষকরা। নোটিশটি পুনর্বিবেচনার জন্য বৃহস্পতিবার বন্ধুদের নিয়ে কলকাতায় বিদেশি নিবন্ধকের আঞ্চলিক কার্যালয়ে গিয়েছিলেন এই শিক্ষার্থী। একই দিনে নোটিশের বিরুদ্ধে আইনি সহায়তা পেতে বিশ্বভারতীর শিক্ষকদের একটি অংশ কলকাতার জ্যেষ্ঠ আইনজীবীদের দ্বারস্থ হয়েছেন।
সেখানকার এক অধ্যাপক বলেন, মেয়েটি কয়েকটা ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিল। তার ভিত্তিতে তাকে দেশ ছাড়তে বলা হয়েছে। আমরা এর মধ্যেই কলকাতা হাই কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা ওই ছাত্রীকে সব ধরনের সহায়তা দেব। নোটিশকে চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে জানিয়ে হাই কোর্টের আইনজীবী শামিম আহমেদ বলেন, ওই আদেশ ও তার ফেইসবুক পোস্ট আমি ভালভাবে খতিয়ে দেখেছি। আইনগতভাবে চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। কারণ তাতে ‘সরকারবিরোধী কর্মকাণ্ডে’ তার জড়িত থাকার কোনো প্রমাণ নেই। ওই ছাত্রীকে আইনি সহায়তা দেওয়ার কথা জানান এই আইনজীবী।
মূলত সিএএবিরোধী ফেসবুক পোস্ট দেওয়ার কারণেই আফসারাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মীমের এক সহপাঠী নাম প্রকাশ না করার শর্তে বলেছিলেন, প্রথমে ১৪ ফেব্রুয়ারি এবং ২০ শে ফেব্রুয়ারি আবারও তাকে নোটিশ পাঠানো হয়েছিল। যাতে ১৫ দিনের মধ্যে তাকে দেশ ছাড়তে বলা হয়েছে। টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সম্প্রতি ওই শিক্ষার্থী সিএএবিরোধী (নাগরিকত্ব সংশোধনী আইন) কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। এর পর পরই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
