এইমাত্র পাওয়া

বশেমুরবিপ্রবিতে ৬ষ্ঠ দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ‌জি‌সি) থেকে ইতিহাস বিভাগের অনুমোদন না দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ৬ষ্ঠ দিনেও আন্দোলন চালিয়ে যাচ্ছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে ইতিহাস বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা। এ সময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

দাবীর পক্ষে আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দোলনস্থলে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

এছাড়া গণস্বাক্ষর কর্মসূচী পালন করে আন্দোলনকারীরা। বিশ্ববিদালয়ের সকল ধরনের ক্লাশ ও ল্যাব পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। সেই সাথে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা মেরে সকল কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে।

ইতিহাস বিভাগের অনুমোদন দেয়াসহ যৌক্তিক দাবী না মানা পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবার ঘোষনায় অনঢ় রয়েছে আন্দোলনকারীরা।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক সভায় বিশ্ব‌বিদ্যালয়টিতে ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ প্রদান করায় শিক্ষার্থীরা আন্দোলনে নামে। বর্তমানে এ বিভাগটিতে ৪১৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.