ভুয়া পরীক্ষার্থীর কারাদন্ড, আসল পরীক্ষার্থী বহিষ্কার

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে প্রক্সি দেয়ার দায়ে আজিজুল খান (২০) নামে এক যুবককে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আর প্রকৃত পরীক্ষার্থী আজিজুল হাওলাদারকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাহফুজুর রহমান এ সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্ত ওই যুবক আজিজুল খান কোটালীপাড়া উপজেলার নারায়ন খানা গ্রামের আওয়াল খানের ছেলে ও মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের অনার্স রসায়ন প্রথম বর্ষের ছাত্র। আর বহিষ্কৃত পরীক্ষার্থী আজিজুল হাওলাদার একই উপজেলার হাবিব হাওলাদের ছেলে এবং শুয়াগ্রাম দয়াল হালদার উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাহফুজুর রহমান জানান, এসএসসির গণিত পরীক্ষায় সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনিস্টিটিউশন কেন্দ্রে প্রকৃত পরীক্ষার্থী আজিজুল হাওলাদারের স্থলে আজিজুল খান পরীক্ষা দিতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে আজিজুল খানকে আটক করা হয়। পরে ওই যুবকের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে আজিজুল হাওলাদার প্রক্সি দেয়ার কথা স্বীকার করে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আজিজুল খানকে এক বছরের কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয়। এছাড়া প্রকৃত পলীক্ষার্থী আজিজুল হাওলাদারকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.