এইমাত্র পাওয়া

কওমি শিক্ষার্থীদের বড় সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক।। 

আলিয়া মাদ্রাসার ‘সহকারি মৌলভী (মুজাব্বিদ/কারি)’ পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতায় কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস সনদ অন্তর্ভুক্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শিগগিরই সারাদেশে ১৩ হাজারের বেশি সহকারি মৌলভী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

একে সভাপতিত্ব করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশনায় কো-চেয়ারম্যান শেখ সাজিদুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়।

সভায় সিদ্ধান্ত হয়, দেশের আলিয়া মাদ্রাসাগুলোতে কুরআন শিক্ষাদানের জন্য ‘সহকারি মৌলভী (মুজাব্বিদ/কারি)’ ও ‘ইবতেদায়ি কারি’ পদে ১৩ হাজারের বেশি সহকারি মৌলভী’ ও ‘ইবতেদায়ি কারি’ নিয়োগ করা হবে।

‘সহকারি মৌলভী (মুজাব্বিদ/কারি)’ পদে আবেদন করতে হলে আল-হাইআতুল উলয়ার দাওরায়ে হাদিস সনদের পাশাপাশি অধীনস্থ ছয় বোর্ডের ‘ইলমে কেরাত’ অথবা ‘তাহফীজুল কুরআন’-এর সনদ জমা দিতে হবে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী এ পদের বেতন গ্রেড নির্ধারণ করা হয়েছে ১০ ও ‘ইবতেদায়ি কারি’ পদের বেতন গ্রেড হবে ১৬।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.