এইমাত্র পাওয়া

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক।।

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলিপ্রক্রিয়া সহজতর করতে সরকার এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত) চূড়ান্ত করেছে।

বুধবার (৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি) থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন নীতিমালা অনুযায়ী, বদলিপ্রক্রিয়া সম্পূর্ণ সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করা হবে। একজন শিক্ষক তার চাকরি জীবনে সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন। প্রথম যোগদানের পর চাকরির মেয়াদ ন্যূনতম দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে। পরে একবার বদলি হওয়ার পর পুনরায় আবেদনের জন্য নতুন কর্মস্থলে কমপক্ষে দুই বছর কর্মরত থাকতে হবে।

আরও বলা হয়, আবেদনকারী শিক্ষক তার নিজ জেলায় অথবা স্বামীর/স্ত্রীর কর্মস্থলের জেলায় বদলির আবেদন করতে পারবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় আবেদন করা যাবে।

এ ছাড়া একজন শিক্ষক একটি আবেদনের বিপরীতে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানের নাম পছন্দক্রমে অন্তর্ভুক্ত করতে পারবেন। একটি শূন্য পদের বিপরীতে একাধিক আবেদনকারী থাকলে নির্দিষ্ট কিছু বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে ক্রমানুসারে নারী, দূরত্ব, স্বামী/স্ত্রীর কর্মস্থল এবং জ্যেষ্ঠতাকে বিবেচনা করা হবে। আর এই জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী।

নীতিমালা বলা হয়েছে, একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক বছরে অগ্রাধিকারের ভিত্তিতে (নারী ও জ্যেষ্ঠতা) সর্বোচ্চ দুজন শিক্ষক বদলি হওয়ার সুযোগ পাবেন। তবে কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক পদ শূন্য থাকা সাপেক্ষে প্রতি বছর সরকার-নির্ধারিত সময়ে এই কার্যক্রম চলবে। বদলির ফলে শিক্ষকদের এমপিও এবং অন্যান্য আর্থিক সুবিধাদি বজায় থাকবে এবং তাদের জ্যেষ্ঠতার ধারাবাহিকতাও অক্ষুণ্ন থাকবে।

তবে বদলির আবেদনের ভিত্তিতে স্থানান্তরের ক্ষেত্রে শিক্ষকরা কোনো প্রকার টিএ/ডিএ (ভ্রমণ ও দৈনিক ভাতা) পাবেন না বলেও জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, যাদের বিরুদ্ধে স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলা চলমান রয়েছে, তারা বদলির যোগ্য হবেন না। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে শূন্য পদের তালিকা প্রকাশ করবে এবং আবেদন গ্রহণ করবে।

শিক্ষাবার্তা /এ/ ০৬/০৫/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.