এইমাত্র পাওয়া

একাধিক দল-সংগঠন থেকে আজ এনসিপিতে যোগ দিচ্ছেন বেশ কয়েকজন

নিজস্ব প্রতিবেদক।।

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আজ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী যোগ দিচ্ছেন।

 এই উপলক্ষে রোববার (১৯ এপ্রিল) বেলা দেড়টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

এই বিষয়ে এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতা ও সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক দুই সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত এনসিপিতে যোগ দেবেন। আরও যোগ দেবেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক।

তিনি বলেন, এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেলের সম্পাদক মাহফুজ, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের একদল নেতা-কর্মী আজ এনসিপি ও দলটির সহযোগী সংগঠনে যোগ দিচ্ছেন।

এদিকে রিফাত রশিদ জাতীয় যুবশক্তি, হাসিব আল ইসলাম জাতীয় ছাত্রশক্তি এবং শাহাদাত হোসেন ও এস এম সুইট এনসিপির কেন্দ্রীয় কমিটিতে যোগ দিচ্ছেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এমনটাই জানানো হয়।

আজ কয়েকজন এনসিপিতে যোগ দিচ্ছেন। ধাপে ধাপে আরও অনেকে যুক্ত হবেন বলেও উল্লেখ করেন এনসিপির ওই কেন্দ্রীয় নেতা ।

এই বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, ‘এনসিপি বড় দল হতে চায়। এর জন্য অনেককেই অ্যাকমোডেট করতে হবে। যাঁরা বাংলাদেশপন্থা ও সংস্কারের পক্ষে আছেন, তাদের জন্য এনসিপির দরজা খোলা রয়েছে।’

জানা যায়, জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। দুজনই জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ছিলেন।

গণ–অভ্যুত্থানের পর এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে জাতীয় নাগরিক কমিটি গঠিত হলে জুনায়েদ-রাফেসহ সাবেক শিবির নেতাদের একটি অংশ যোগ দেন সেখানে।

এরপর জাতীয় নাগরিক কমিটি আর গণ–অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এনসিপি গঠনের আলোচনা শুরু হয়। তখন আলোচনা ছিল, জুনায়েদ ও রাফে নতুন দলের সামনের সারিতে থাকতে পারেন।

তবে শেষ পর্যন্ত ছাত্রশিবিরের সাবেক নেতা জুনায়েদ ও রাফে যোগ দেননি এনসিপিতে। এনসিপি আত্মপ্রকাশের পর ২০২৫ সালের ১৬ মার্চ ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেন তারা।

পরে গত বছরের ৯ মে কেন্দ্রীয় শহীদ মিনারে আপ বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে। আহ্বায়ক হন জুনায়েদ। রাফে প্রধান সমন্বয়কারীর পদ পান।

এদিকে সম্প্রতি আপ বাংলাদেশ ভাঙনের মুখে পড়ে বলে জানা যায়।

পরে গত ৩ এপ্রিল প্ল্যাটফর্মটির প্রধান সংগঠক নাঈম আহমেদের উদ্যোগে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) নামে নতুন একটি দলের আত্মপ্রকাশ ঘটে। এ পরিস্থিতিতে আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তাদের দুজন জুনায়েদ ও রাফে এনসিপিতে যোগ দিচ্ছেন।

এনসিপিতে যোগদানের বিষয়টি জুনায়েদ নিশ্চিত করেছেন। একইসঙ্গে রাফের এনসিপিতে যোগ দেওয়ার বিষয়টি আপ বাংলাদেশের একটি সূত্র নিশ্চিত করেছে।

পরে যোগ দিতে পারেন ইসহাক সরকার

ছাত্রদল ও যুবদল-দুই সংগঠনেই সাংগঠনিক সম্পাদক ছিলেন ইসহাক সরকার। আওয়ামী লীগের শাসনামলে বিএনপির সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি।

পরে নির্বাচনে ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন ইসহাক। কিন্তু পাননি। ফুটবল প্রতীকে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হন তিনি। সংসদ নির্বাচনের সপ্তাহখানেক আগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয় ইসহাককে।

জানা যায়, ইসহাক এনসিপিতে যোগ দেবেন, তবে আজ নয়।

এ বিষয়ে আজ সকালে ইসহাক বলেন, ‘আমি এনসিপিতে যোগ দিতে পারি। এ ব্যাপারে আলোচনা চলছে।’

শিক্ষাবার্তা /এ/ ১৯/০৪/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.