জাল সনদে ৩ শিক্ষকের চাকরি

নিজস্ব প্রতিবেদক।।

যশোরের শার্শা উপজেলার চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির মাধ্যমে চাকরিতে যোগদানের প্রমাণ পেয়েছে সিআইডি। সম্প্রতি প্রতিষ্ঠানটির তৎকালীন পরিচালনা কমিটির সভাপতিসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন (চার্জশিট) জমা দিয়েছেন সিআইডি যশোরের উপপরিদর্শক বখতিয়ার রহমান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।

অভিযুক্তরা হলেন- চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক (কৃষি) সালেহা খাতুন, সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) ইদ্রিস আলী এবং প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাসান ফিরোজ আহমেদ টিংকু।

জানা গেছে, চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবদুল কাইয়ুমসহ আরও সাতজন শিক্ষক জাল সনদে চাকরি করছেন এমন তথ্য পেয়ে ২০২৪ সালের ৩০ অক্টোবর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, শার্শা আমলী আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর আগে ২০১৫ সালের ১৩ জুলাই আসামিদের নামে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে বিবাদীরা কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সভাপতি হাসান আহমেদ টিংকুর বাড়িতে সন্ত্রাসী হামলা চালায় এবং বাদীর বুকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। সে সময় বাদী শার্শা থানা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। ফলে রাজনৈতিক কারণে তখন তিনি কোনো পদক্ষেপ নিতে পারেননি। পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর মামলা দায়ের করলে আদালত তা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়।

মামলার তদন্ত শেষে সিআইডি যশোরের উপপরিদর্শক বখতিয়ার হোসেন আদালতে প্রতিবেদন দাখিল করেন।

সিআইডির তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদের ২০১০ সালের শিক্ষক নিবন্ধন সনদ ভুয়া প্রমাণিত হয়েছে। সহকারী শিক্ষক (কৃষি) সালেহা খাতুনের ২০০৯ সালের শিক্ষক নিবন্ধন সনদ জাল প্রমাণিত হয়েছে। সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) ইদ্রিস আলীর ২০১২ সালের শিক্ষক নিবন্ধন সনদও জাল ও ভুয়া প্রমাণিত হয়েছে। তারা এসব জাল সনদের ভিত্তিতে সরকারি বেতন-ভাতা উত্তোলন করছেন।

শিক্ষাবার্তা /এ/ ১০ /০৪/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.