এইমাত্র পাওয়া

নারায়ণগঞ্জে কলেজ শিক্ষককে জিম্মি করে মুঠোফোন ছিনতাই

নিজস্ব প্রতিবেদক।।

নারায়ণগঞ্জে এক কলেজশিক্ষককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, মুঠোফোন ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী। আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে পূর্ব ইসদাইর এলাকার রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয় স্কুল-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষকের নাম ফারজানা আফরোজ। তিনি নারায়ণগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক। আজ সকালে নিজের ছেলে মোবাশ্বির হককে শহরের অক্টো অফিস এলাকার ব্রাইট স্কলার মাদ্রাসাতুল ওহিতে পৌঁছে দিয়ে রিকশায় করে বাড়িতে ফেরার পথে তিনি ছিনতাইয়ের শিকার হন।

ফারজানা আফরোজ প্রথম আলোকে বলেন, পূর্ব ইসদাইর এলাকায় পৌঁছানোর পর একটি মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তাঁর রিকশার গতি রোধ করে। এরপর মোটরসাইকেল থেকে নেমে দুই ছিনতাইকারী চাপাতি গলায় ঠেকিয়ে তাঁকে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে ভয় দেখিয়ে তাঁর কাছে থাকা একটি মুঠোফোন, একটি পার্স ও দেড় ভরি ওজনের সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হোসেন  বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান  জানান, ছিনতাইয়ের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সর্বশেষ ৯ মার্চ খোদ শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক লুৎফর রহমানকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁর সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

শিক্ষাবার্তা /এ/২৯/০৩/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.