নিজস্ব প্রতিবেদক।।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আজ রোববার মাউশি উপপরিচালক (শারীরিক শিক্ষা) মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচি নেওয়া হয়েছে। যার মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য হতে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে নির্বাচিত শিক্ষার্থীদের ক্রীড়া প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে। এই কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস এবং কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কর্মসূচিটি আগামী এপ্রিল মাস থেকে শুরু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও বলা হয়, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিটি যথাযথভাবে বাস্তবায়নের নিমিত্তে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের খুঁজে বের করতে দেশব্যাপী বিদ্যালয়ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও অবকাঠামো ব্যবহারের যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।
শিক্ষাবার্তা /এ/২৯/০৩/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
