এইমাত্র পাওয়া

স্কুলে ভর্তিতে লটারি বাতিলের প্রতিবাদ জানিয়েছে ছাত্রফ্রন্ট

নিউজ ডেস্ক।। 

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার নেয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে বলেন, এই সিদ্ধান্ত কোনো বিচ্ছিন্ন প্রশাসনিক পদক্ষেপ নয়। এটি শিক্ষাকে ক্রমাগত বাজারমুখী করে তোলার একটি সুচিন্তিত রাজনৈতিক প্রকল্পের অংশ। শিক্ষাকে পণ্যে পরিণত করার নীতি থেকে অবশ্যই সরে আসতে হবে সরকারকে।

নেতৃবৃন্দ বলেন, অতীতের অভিজ্ঞতা আমাদের শিক্ষা দেয় যখনই ভর্তি পরীক্ষা ছিল, তখনই কোচিং সেন্টারগুলো রমরমা ব্যবসা করেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা মানেই প্রস্তুতির চাপ, আর সেই চাপকে পুঁজি করেই কোচিং ব্যবসা গড়ে ওঠে। যে পরিবারের টাকা আছে, সে কোচিং কিনতে পারবে — যে পরিবার দারিদ্র্যের মধ্যে বাঁচে, তার সন্তান পিছিয়ে পড়বে। এটা শিক্ষার বেসরকারিকরণের প্রথম ধাপ।

অবিলম্বে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল করে শিক্ষাকে পণ্যে পরিণত করার নীতি থেকে সরকারকে সরে আসতে হবে।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.