নিউজ ডেস্ক।।
নতুন বছরের শুরুতেই দেশের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই পৌঁছে দিতে বড় সাফল্য দেখিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এনসিটিবি জানিয়েছে, প্রাক-প্রাথমিক, প্রাথমিক স্তরের শতভাগ বই বিতরণ শেষ করার পর এবার মাধ্যমিক স্তরের (স্কুল, মাদ্রাসা ও কারিগরি) অবশিষ্ট সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গতকাল রবিবার বিকালে এনসিটিবির জনসংযোগ কর্মকর্তা এস. এম. আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বই মুদ্রণ ও বিতরণের সর্বশেষ অগ্রগতি সংক্রান্ত তথ্য অনুযায়ী চলতি শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত সর্বমোট ৩০ কোটি ২ লাখ ৫৫ হাজার ১৫৪ কপি পাঠ্যপুস্তকের মধ্যে ৩ জানুয়ারি পর্যন্ত গড়ে ৮৪ দশমিক ৭৮ শতাংশ বই সরবরাহ সম্পন্ন হয়েছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যেই মাধ্যমিক স্তরের অবশিষ্ট সব বই সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
মাধ্যমিক স্তরের অগ্রগতি : এনসিটিবি জানিয়েছে মাধ্যমিক (ষষ্ঠ-৯ম শ্রেণি) ও ইবতেদায়ি স্তরের জন্য নির্ধারিত ২১ কোটি ৪৩ লাখ ২৪ হাজার ২৭৪ কপি বইয়ের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এই স্তরের ৮৮ দশমিক ৫০ শতাংশ বইয়ের মুদ্রণ এবং ৮১ দশমিক ৬০ শতাংশ বইয়ের প্রি-ডেলিভারি ইন্সপেকশন (পিডিআই) সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত গড়ে ৭৮ দশমিক ৬৯ শতাংশ বই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে।
এর মধ্যে শ্রেণিভিত্তিক সরবরাহের তথ্য অনুযায়ী, ইবতেদায়ি স্তরের ৯৬ দশমিক ১৬ শতাংশ, ৯ম শ্রেণির ৮৭ দশমিক ৯৬ শতাংশ এবং ষষ্ঠ শ্রেণির ৮৫ দশমিক ৬১ শতাংশ বই সরবরাহ হয়েছে। তবে, সপ্তম ও অষ্টম শ্রেণির সরবরাহ যথাক্রমে ৬৮ দশমিক ৬৯ শতাংশ ও ৫৪ দশমিক ৭৬ শতাংশ পর্যায়ে রয়েছে, যা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার কাজ চলমান।
অনলাইন সংস্করণ ও সময়সীমা : বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের সুবিধার্থে এনসিটিবির ওয়েবসাইটে (িি.িহপঃন.মড়া.নফ) গত ২৮ ডিসেম্বর থেকে সব স্তরের ৬৪৭টি পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ আপলোড করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির মেয়াদ আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত থাকলেও নিবিড় তদারকির মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ ১৫ জানুয়ারির মধ্যে মাধ্যমিক ও কারিগরি স্তরের অবশিষ্ট সব বই সরবরাহ নিশ্চিত করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
