নিউজ ডেস্ক।।
জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালু করতে যারা বাধা দিয়েছে ও শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ মানছেন না তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এমপিও বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ২০২৫ খ্রিষ্টোব্দের ১৪ জানুয়ারির চিঠিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, স্কুল এন্ড কলেজ, কলেজ) অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ, হেনস্তা ও বেতন ভাতা প্রসঙ্গে পদত্যাগের পেছনে যাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ রয়েছে তাদের বিষয়ে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য সিদ্ধান্ত নেয়া হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রণালয় যথাযথ নির্দেশনা জারি করবে। তদন্ত প্রতিবেদন আইন ও বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকের বেতন-ভাতা চালু থাকবে বলে আদেশ জারি করা হয়।
পরবর্তীতে ২০২৫ খ্রিষ্টাব্দের ৭ অক্টোবর ফের এ বিষয়ে চিঠি জারি করা হয়। কিন্তু চিঠি জারি করার পরও এ বিষয়ে নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রেক্ষিতে জোরপূর্বক পদত্যাগকৃত শিক্ষকদের বেতনভাতা চালু করতে যারা এ বিভাগের আদেশ প্রতিপালন করছেন না, তাদের ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২৫’ এর ১৮(১) (খ) অনুযায়ী আগামী ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে এমপিও বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।
এদিকে নতুন এমপিও নীতিমালার ১৮(১) (খ) –এ বলা হয়েছে, সরকার বা সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক হিসাব সংরক্ষণ ও আয়-ব্যয় নিরীক্ষা না করলে, সরকারের নির্দেশনা প্রতিপালন না করলে, ব্যয়ের ক্ষেত্রে থাকা পিপিআর অনুসরণ না করলে প্রতিষ্ঠান প্রধানের বেতন-ভাতা স্থগিত, বাতিল করা হবে এবং পরিচালনা কমিটির সভাপতির পদ শূন্য ঘোষণাসহ তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
