নিজস্ব প্রতিবেদক।।
নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের সাবেকুন্নাহার বালিকা উচ্চবিদ্যালয়ে ক্লাস চলার সময় বাইরে থেকে কয়েকজন বখাটে ঢিল ছোড়ায় এক ছাত্রীর আঘাত পাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে ওই বখাটেরা বিদ্যালয়ের এক শিক্ষককেও মারধর করে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা কার্যালয় এলাকার পাশে এই ঘটনা ঘটে।
বিদ্যালয় ও পুলিশ সূত্র জানায়, দুপুর সোয়া ১২টার দিকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। এ সময় কয়েকজন কিশোর বিদ্যালয়ের দক্ষিণ পাশে দাঁড়িয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে এবং পরে ঢিল ছোড়ে। এতে দোতলার একটি শ্রেণিকক্ষের কাচ ভেঙে এক ছাত্রী আহত হয়। শিক্ষকরা স্কুলের দরজার বাইরে এসে প্রতিবাদ জানালে বখাটেরা তাদের ওপর চড়াও হয়। এতে শিক্ষক মহসিন আলম আহত হয়ে পরে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা প্রশাসন ও পুলিশকে জানায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই বখাটেরা পালিয়ে যায়। নিরাপত্তার স্বার্থে বিকেল পর্যন্ত বিদ্যালয়ের সামনে পুলিশ মোতায়েন রাখা হয়।
এই ঘটনার পর শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এক ছাত্রী বলেন, ‘এ ঘটনার পর থেকে আমরা আতঙ্কে আছি। বখাটেদের শাস্তি চাই।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান জানান, সাত-আটজন কিশোর এতে জড়িত, যাদের মধ্যে দুইজনের বয়স প্রায় ২০ বছর এবং বাকি কজন অপ্রাপ্তবয়স্ক। দীর্ঘদিন ধরে তাদের উৎপাতে বিদ্যালয় কর্তৃপক্ষ বিরক্ত বলে তিনি জানান এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয় এলাকায় পুলিশ পাঠানোসহ বখাটেদের ধরতে অভিযানও চালানো হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
