এইমাত্র পাওয়া

অনশনে শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হলে দায় শিক্ষা উপদেষ্টার, ইবতেদায়ি শিক্ষকদের হুঁশিয়ারি

ঢাকাঃ সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। তাদের এই অনশনে কোনো শিক্ষক ক্ষতিগ্রস্ত হলে তার দায় শিক্ষা উপদেষ্টাকে নিতে হবে বলে হুঁশিয়ার করেছেন তারা।

সোমবার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এ অনশন শুরু করেন শিক্ষকরা। অনশনরত শিক্ষকরা আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।

এর আগে গত ৫ নভেম্বর ইবতেদায়ি শিক্ষকরা জানান, ১১ নভেম্বর বেলা ১২টার মধ্যে দাবি পূরণ না হলে দুপুর ১টা থেকে অর্ধবেলা অনশন কর্মসূচি পালন করবেন তারা। পরদিন ১২ নভেম্বর থেকে তারা লাগাতার অনশন শুরু করবেন। তবে সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়াসহ নানা কারণে গত রোববার থেকেই তারা অনশন শুরু করেন। টানা ২৯ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান কর্মসূচি স্থলেই তারা অনশন শুরু করেন। অনশন শুরুর প্রথম দিনে গত রোববার বিকেলে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। তবে তারা ফুটপাতে তাদের অবস্থান ও অনশন অব্যাহত রেখেছেন।

সম্প্রতি স্বীকৃতিপ্রাপ্ত এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এ সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা স্বাক্ষরও করেন। শর্তসাপেক্ষে প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আন্দোলনকারীরা বলেন, অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ১৯৮৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতি পায়। সরকারি বিধি অনুযায়ী ইবতেদায়ি মাদরাসাগুলো পরিচালিত হয়ে আসছে। ১৯৯৪ খ্রিষ্টাব্দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা অনুদানভুক্ত হওয়ার কথা থাকলেও মাত্র এক হাজার ৫১৯টি মাদরাসা অনুদানভূক্ত হয়। সেই থেকে স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর সাথে যে বৈষম্য হচ্ছে তা বর্তমানেও চলমান। বৈষম্য নিরসন কল্পে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো এমপিওর গণবিজ্ঞপ্তি জারির জোর দাবি জানাচ্ছি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading