খুলনা, ৩১ অক্টোবর : সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ ঘোষিত ‘ডু অর ডাই’ কর্মসূচি সফল করতে খুলনায় অনুষ্ঠিত হলো খুলনা বিভাগীয় প্রস্তুতি সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ সেলিম মিঞা।
তিনি বলেন, “জুলাই-আগস্টের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে অধ্যাপক ড. মো. ইউনুস সরকার ক্ষমতায় এসেছেন এক বছরেরও বেশি সময় আগে। কিন্তু এখনো নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।” তিনি আরও বলেন, “পূর্ববর্তী সরকারের জুলুম-নির্যাতনের শিকার অনেকেই আজ অধিকার ফিরে পেয়েছেন, অথচ একমাত্র নন-এমপিও শিক্ষকরা এখনো বৈষম্যের শিকার।”

প্রিন্সিপাল সেলিম মিঞা স্মরণ করিয়ে দেন, “গত ফেব্রুয়ারি-মার্চের ১৭ দিনের অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রতিশ্রুতি দিয়েছিলেন মে মাসের মধ্যে এমপিওভুক্তির পরিপত্র ও জুলাইয়ের মধ্যে বেতনের ব্যবস্থা হবে, কিন্তু আজও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।”
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক অধ্যক্ষ মোঃ সাজ্জাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন মূখ্য সমন্বয়ক অধ্যক্ষ নাজমুস শাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মুনিমুল হক, সহ-সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান, অন্যতম সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ বাকিবিল্লাহ্, প্রভাষক গোলাম মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক এনামুল হক ও জাহিদ হোসেন প্রমুখ।
সভায় যশোর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, মাগুরা ও ঝিনাইদহ জেলার শতাধিক নন-এমপিও শিক্ষক-নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিশ্রুতি পূরণ না হলে নভেম্বরের শুরু থেকেই দেশব্যাপী কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
