নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্সের সর্বনিম্ন শিক্ষার্থী সংখ্যাকে এমপিওভুক্তির ক্ষেত্রে কাম্য শিক্ষার্থী হিসেবে গণনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ কর্তৃক প্রদত্ত তালিকার বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্সের ৩৫০০ জন শিক্ষকের সকল শর্ত শিথিল করে আগামী ১৫ই নভেম্বর এর মধ্যে এমপিওভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন। তাদের দাবির প্রতি সমর্থন দিয়ে আগামী সপ্তাহের মধ্যেই সর্বশেষ মিটিং করে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা জারি করে এমপিও প্রদানের আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গত বুধবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে শিক্ষা সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই দাবি ও মন্ত্রণালয় কর্তৃক আশ্বাস দেওয়া হয়। স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এমপিওভুক্তকরণের বিষয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান(নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস), স্নাতক (সম্মান), স্নাতকোত্তর) এর শিক্ষকবৃন্দ, শিক্ষক ফেডারেশন ও সংস্থার সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মিজানুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক(চলতি দায়িত্ব) আব্দুল হান্নান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব হেলালুজ্জামান, উপসচিব এ.জেড সায়েদ মোরশেদ সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি জনাব নেকবর হোসেন, সাধারণ সম্পাদক জনাব মেহরাব আলি, সিনিয়র সহসভাপতি জনাব হারুন অর রশিদ, সহসভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম, সহসভাপতি জনাব মোঃ জামির হোসেন। এছাড়াও নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির সর্বনিম্ন শিক্ষার্থী সংখ্যাকে এমপিওভুক্তির ক্ষেত্রে কাম্য শিক্ষার্থী হিসেবে গণনা করার দাবি জানান। তিনি গত ০২ জুলাই তারিখ কে ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে সেই দিনের সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার প্রদত্ত তালিকার বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্স এর ৩৫০০ জন শিক্ষকের সকল শর্ত শিথিল করে আগামী ১৫ই নভেম্বর এর মধ্যে এমপিওভুক্ত করতে জোর দাবি জানান।
ফেডারেশনের সাধারণ সম্পাদক মেহরাব আলি বলেন, অনার্স-মাস্টার্স কোর্স এর শিক্ষকরা দীর্ঘ ৩২ বছর ধরে বেতন পায় না, দ্রুত বেতনের ব্যবস্থা করতে হবে।
সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ বলেন, আমরা এমপিওভুক্ত কলেজের নন এমপিও অনার্স মাস্টার্স এর শিক্ষক। একই প্রতিষ্ঠানে ইন্টার-ডিগ্রি স্তরের শিক্ষকরা এমপিওভুক্ত কিন্তু আমরা অনার্স মাস্টার্স এর শিক্ষকরা নন এমপিও এটা চরম বৈষম্য।
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সহসভাপতি ও ঢাকা বিভাগের সমন্বয়ক মোঃ রফিকুল ইসলাম প্রস্তাব করেন, গত ২০ জুলাই মন্ত্রণালয় কর্তৃক মাউশিকে যে চিঠি দেওয়া হয়েছিল যাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ, অধ্যাপক পর্যন্ত পদ সৃজন করে নীতিমালায় অন্তর্ভুক্তির আবেদন করেন যাতে বিশ্ববিদ্যালয়ের রেজুলেশন অক্ষুণ্ণ থাকে। তিনি বলেন, তাদের মতো একই প্রক্রিয়ায় নিয়োগকৃত জাতীয়করণকৃত ননএমপিও অনার্স- মাস্টার্স শিক্ষকদের অর্ধেক অভিজ্ঞতা গণনা করা হয় একই ভাবে অনার্স- মাস্টার্স শিক্ষকদের যোগদানের তারিখ থেকে অভিজ্ঞতা গণনা করে পদোন্নতির প্রস্তাব করছি।
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সহসভাপতি ও ঢাকা বিভাগের সমন্বয়ক মোঃ জামির হোসেন বলেন, একাডেমিক স্বীকৃতি ও কলেজ স্তরের গ্রেডিং পদ্ধতি সহজতর করে ৩৫০০ জন শিক্ষককে এমপিওভুক্ত করতে হবে। এসময় তিনি বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তি ও উচ্চ শিক্ষার মান রক্ষায় শিক্ষকদের মর্যাদা সমুন্নত করতে বিভিন্ন ডকুমেন্টস ও যুক্তি উপস্থাপন করেন।
নন এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক সেলিম মিয়া বলেন, দ্রুতই সকল নন এমপিও শিক্ষককে এমপিওভুক্ত করতে হবে না হলে ঢাকায় আন্দোলন গড়ে তোলা হবে। ননএমপিও ডিগ্রি প্রতিনিধি রায়হান কবির, ননএমপিও ডিগ্রি ৩য় শিক্ষক প্রতিনিধি জনাব উজ্জ্বলসহ নন এমপিও শিক্ষক প্রতিনিধিরা দ্রুত এমপিও নীতিমালা জারি করে এমপিও’র দাবি করেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
