ববিতে আন্দোলনরত শিক্ষার্থীর গায়ে হাত তুলে ক্ষমা চেয়ে ক্যাম্পাস ছাড়ল নৌবাহিনী

বরিশালঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়নসহ চলমান তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের গায়ে হাত তোলায় ক্ষমা চেয়ে ক্যাম্পাস ছাড়তে হয়েছে নৌবাহিনীর সদস্যদেরকে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে আন্দোলনের সময় নৌবাহিনীর তিনটি গাড়ি উল্টোপথে আসায় শিক্ষার্থীরা বাঁধা দিলে নৌবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বিরুদ্ধে চড়াও হয় এবং ধ্বস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে এক শিক্ষার্থীকে টেনে নিয়ে গায়ে হাত তোলে নৌবাহিনীর সদস্যরা। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নৌবাহিনীর সদস্যসহ তিনটি গাড়ি আটকে রাখে। পরবর্তীতে সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতে নৌবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলে শিক্ষার্থীরা তাদেরকে ছেড়ে দেন।

ভূতত্ত্ব ও খনি বিদ্যাবিভাগের শিক্ষার্থী সাকিব মিয়া বলেন, “আমরা আন্দোলনের অংশ হিসেবে শান্তিপূর্ণ সড়ক অবরোধ করছিলাম। তখন নৌবাহিনীর তিনটি গাড়ি উল্টো পথে এসে জরুরী পথও আটকে দেয়। তখন বাঁধা দিলে তারা আমার গায়ে হাত তোলে এবং আমাকে গলা চেপে ধরে টেনে হিছড়ে নিয়ে যায়। পরে অন্যান্য শিক্ষার্থীরা আমাকে সেভ করে।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে নৌবাহিনীর পক্ষ থেকে এলএসজিআই বাচ্চু ক্ষমা চেয়ে বলেন, “আজকের এই অনাকাঙ্খিত ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর যারা ভুল করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, “শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নৌবাহিনীর গাড়ি যাওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিলো। পরে নৌবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে ক্যাম্পাস ত্যাগ করেছেন। বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান করা হয়েছে৷”

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি ও শতভাগ পরিবহন সুবিধার তিন দফা দাবিতে আন্দোলন করে আসছে। আন্দোলনের অংশ হিসেবে তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন তারা আজকে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৮/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.