ফয়সাল হাবিব সানি, বশেমুরবিপ্রবি প্রতিনিধি: জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আসন্ন জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (বশেমুরবিপ্রবি) শুরু হয়েছে মুজিববর্ষের ক্ষণগণনা।
বিশ্ববিদ্যালয় সংলগ্ন গোল চত্বরে (জয় বাংলা চত্বর) এ ক্ষণগণনার জন্য ইলেকট্রনিক ডিভাইস স্থাপন করা হয়েছে৷ লক্ষ্য করা যাচ্ছে, প্রত্যেক দিনই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের পদচারণায় মুখর এ প্রাঙ্গনে সময়োপযোগী এ উদ্যোগ নির্দ্বিধায় নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধু ও তাঁর চেতনার যথাযথ বহিঃপ্রকাশ ঘটাতে সক্ষম হবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষানুরাগী ও সাধারণ শিক্ষার্থীরা।
অন্যদিকে, নবীন শিক্ষার্থীদের সমাগমে এরই মধ্যে তারুণ্য উচ্ছ্বল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়টি। এমন মুহূর্তে, বিশ্ববিদ্যালয়টিতে এ ক্ষণগণনা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও তাঁর সংগ্রামী ইতিহাস সম্পর্কেও নতুনরা আরও বেশি উৎসাহিত হবেন এবং তাদের মধ্যেও বঙ্গবন্ধুর যৌবনের দুঃসাহসিক কীর্তিগাঁথা কিছুটা হলেও অনুপ্রেরণা হিসেবে গ্রথিত হবে বলে মনে করছেন সর্বসাধারণ।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহজাহান শিক্ষাবার্তা ডট কমকে বলেন, `যথার্থ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণতার সঙ্গে মুজিববর্ষ পালনের নিমিত্তে অতি শীঘ্রই বিশ্ববিদ্যালয়ে একটি কমিটি গঠন করা হবে এবং সারা দেশের ন্যায় উক্ত বিশ্ববিদ্যালয়েও পুঙ্খানুপুঙ্খভাবে মুজিববর্ষ উদযাপনের উদ্দেশে যেকোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
