পেশাগত অধিকার ও শিক্ষার মানোন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দাবি

ঢাকাঃ পেশাগত অধিকার, কর্মসংস্থান ও শিক্ষার মানোন্নয়নে সাত দাবি পেশ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। তারা জানায়, দাবিগুলোর মূল লক্ষ্য হলো, প্রকৌশল কর্মক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা এবং কারিগরি শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী করে তোলা।

বুধবার (২০ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক সংগ্রাম পরিষদ এই মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র সুনির্দিষ্টকরণ করতে হবে, উপ-সহকারী প্রকৌশলী পদ সংরক্ষণ করতে হবে, জনবল কাঠামোতে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাত ১:৫ করতে হবে, পদোন্নতির সুযোগ ৫০% এ উন্নীত করা করতে হবে।

বক্তারা আরও দাবি করেন, মেধার অপচয় রোধে প্রকৌশলীদের অন্য ক্যাডারে নিয়োগ বন্ধ করতে হবে, ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়ন ও ল্যাব-ওয়ার্কশপ আধুনিকায়ন করতে হবে, শিক্ষার্থীদের বৃত্তি বৃদ্ধি এবং ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।

সরকারের উদ্দেশে বক্তারা বলেন, আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করেছি। সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, অবিলম্বে এই সাত দফা দাবি বাস্তবায়ন করা হোক। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হতে হবো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০৮/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.