নিউজ ডেস্ক।।
র্যাঙ্কিংয়ে ৫৫ ধাপ পিছিয়ে থাকা মালদ্বীপের বিপক্ষে দাপটই দেখানোর কথা ছিল বাংলাদেশের। একই প্রতিপক্ষকে ১১ গোলে উড়িয়ে দেয় ভারত, অথচ বাংলাদেশ কিনা পচা শামুকে পা কাটা থেকে রক্ষা করল নিজেদের। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৪-২ গোলের জয় বাংলাদেশকে মেয়েদের সাফে সেমিফাইনালের টিকিট এনে দিয়েছে বটে, তবে খুব বেশি স্বস্তি দিচ্ছে না।
অবশ্য এর আগে টানা সাত ম্যাচ হারের বৃত্তেই ছিল বাংলাদেশ। সর্বশেষ জয় এসেছিল গত বছরের জুলাইয়ে এশিয়ান কাপ বাছাইয়ে উজবেকিস্তানের বিপক্ষে।
কিক-অফের পর ঘড়ির কাঁটা ১১ সেকেন্ড পেরোতেই এগিয়ে যায় বাংলাদেশ। মালদ্বীপের রক্ষণভাগ জমাট হওয়ার আগে গোলের আনন্দে মাতেন সুইডেনপ্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্ধিকী । গত সাফে ৫ গোল করা তহুরা খাতুনকে ডাগআউটে রেখে আনিকাকে একাদশে নামানোর যে ফাটকা কোচ পিটার বাটলার খেলেছিলেন, প্রথম মিনিটেই সেই আস্থার প্রতিদান দিলেন এই ফরোয়ার্ড। ঋতুপর্ণা চাকমার চমৎকার ক্রস ধরে নিখুঁত শটে মালদ্বীপের গোলরক্ষক ফাতিমাথ সৌসানকে পরাস্ত করেন তিনি।
শুরুটা ভালো হলেও দ্বিতীয় গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ৩৪ মিনিট পর্যন্ত। মালদ্বীপের ডিফেন্ডারের ভুলে বল পেয়ে জালের ঠিকানা পেতে কোনো ভুল করেননি উমেহলা মারমা। বক্সের ভেতর ঠান্ডা মাথায় মালদ্বীপ গোলরক্ষককে বোকা বানান তিনি।
ধারার বিপরীতে পাল্টা জবাব দিতে থাকে মালদ্বীপ। ১৬৭তম স্থানে দলটি চমকে দেয় ৪৩ মিনিটে। অবিশ্বাস্য এক দূরপাল্লার শটে ব্যবধান কমান মালদ্বীপের মারিয়াম নূর। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া তাঁর শটটি বাংলাদেশের গোলরক্ষককে ফাঁকি দিয়ে ক্রসবারে লেগে গোললাইনের ভেতরে পড়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশের রক্ষণভাগের নড়বড়ে চিত্র স্পষ্ট হয়ে ওঠে। ৫৩ মিনিটে রক্ষণের ভুলে বল পেয়ে যান মালদ্বীপের মারিয়াম রিফা। তবে গোলরক্ষক মিলি আক্তারকে একা পেয়েও তিনি বল জালে জড়াতে পারেননি, মিলি সহজেই তা রুখে দেন। এই যাত্রায় বাংলাদেশ বাঁচলেও রক্ষা হয়নি ৫৬ মিনিটে। সাবেক অধিনায়ক আফঈদা খন্দকার একটি সহজ ট্যাকল মিস করেন। সেই সুযোগে আমিনাথ ফাজলা বল পেয়ে ঠান্ডা মাথায় গোল করে মালদ্বীপকে ২-২ সমতায় ফেরান।
ম্যাচ যখন হাতছাড়া হওয়ার শঙ্কায়, ঠিক তখনই ৬৪ মিনিটে ত্রাতা হয়ে আসেন সুরভী আকন্দ প্রীতি। বাঁ প্রান্ত থেকে ঋতুপর্ণা চাকমার একটি বিপজ্জনক ক্রস লুফে নিতে ব্যর্থ হন মালদ্বীপের গোলরক্ষক ফাতিমাথ। ওত পেতে থাকা প্রীতি ফাঁকা পোস্টে বল ঠেলে দিয়ে বাংলাদেশকে তৃতীয়বারের মতো লিড এনে দেন।
যোগ করা সময়ের সপ্তম মিনিটে ঋতুপর্ণার কর্নার থেকে হেডে ব্যবধান ৪-২ করেন কোহাতি কিসকু। টানা তৃতীয় সাফ শিরোপার লক্ষ্যে থাকা বাংলাদেশের শুরুটা তাই হলো জয় দিয়ে। গ্রুপের অপর ম্যাচে ৩১ মে ভারতের মুখোমুখি হবে পিটার বাটলারের দল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
