নিজস্ব প্রতিবেদক।।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম আধুনিকায়ন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার সংরক্ষণের ৭ দফা দাবিতে ২০ আগস্ট’ সকাল ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের মানববন্ধন করেছে।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আইডিইবি’র অন্তবর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক প্রকৌশলী মো: কবির হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৭৮ সালে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ‘উপ-সহকারী প্রকৌশলী/সমমান’ নির্ধারণ করে এবং উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি ৩৩% সংরক্ষণ করে। পরবর্তীতে ১৯৯৪ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত “উপ-সহকারী প্রকৌশলী পদটি ১০ম গ্রেডে উন্নীত করে দ্বিতীয় শ্রেণী পদমর্যাদা দেয়া হয়। এছাড়া, বিএনবিসি-২০২০ এ প্রকৌশলী সংজ্ঞায় বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলী নির্ধারণ করা হয়েছে। কিন্তু জুলাই বিপ্লব উত্তর বৈষম্যমুক্ত বাংলাদেশ নির্মাণে যখন জাতি এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রকৌশল অধিকার আন্দোলন এর ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদটি সবার জন্য উন্মুক্তকরণ, সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি রোহিত করে সরাসরি নিয়োগ প্রদান এবং বিএসসি ইঞ্জিনিয়ার ব্যতিত অন্য কেউ প্রকৌশলী পদবী ব্যবহার নিষিদ্ধের দাবিতে অযৌক্তিক আন্দোলন করে প্রকৌশল শিক্ষা ও কর্মাঙ্গনে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। যা অপ্রত্যাশিত ও অনাকাংখিত। তিনি এ ধরনের ন্যাক্কারজনক দাবি প্রত্যাহারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
আইডিইবি’র অন্তবর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক প্রকৌশলী মীর হোসেন পাটোয়ারী বলেন, উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ বিদ্যমান প্রজ্ঞাপনের আলোকে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ রাখা, উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি ৫০% এ উন্নীত করা, যুগের চাহিদা অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের কারিকুলাম ইংরেজি ভার্সনে আধুনিকায়ন, সকল পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট, টিএসসিতে ১:১২ অনুপাতে শিক্ষক শিক্ষার্থী বিবেচনায় শিক্ষক স্বল্পতা দূরীকরণ, ইঞ্জিনিয়ারিং কর্মক্ষেত্রের গুণগত মানোন্নয়ন ও গবেষণা কার্যক্রমকে উদ্বুদ্ধকরণে প্রকৌশল কর্মক্ষেত্রে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিভাজন, মেধার অপচয় রোধে প্রকৌশল ক্যাডার ব্যতিত অন্যান্য ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ আইন করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টীম কনসেপ্ট অনুযায়ী ১:৫ অনুপাতে সকল প্রকৌশল সংস্থার জনবল কাঠামো প্রণয়ন এবং সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদধারীদের ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
আইডিইবি’র অন্তবর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আলমগীর হোসেন বলেন, সংযুক্ত ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সহকারী প্রধান শিক্ষক ( কারিগরি) হিসেবে নিয়োগ দিতে হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মত সংযুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ ভাতা ও উপবৃত্তি প্রদান করতে হবে। এছাড়াও ব্যবহারিক কাঁচামাল সরবরাহ করতে হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী গোলাম কিবরিয়া, প্রকৌশলী ওবায়দুল আলম শাহীন, প্রকৌশলী মো: মনিরুজ্জামান, প্রকৌশলী ইমাম উদ্দিন, প্রকৌশলী আখেরুজ্জামান, প্রকৌ. মির্জা মিজানুর রহমান, প্রকৌ. মনিরুজ্জামান, প্রকৌ. মোঃ রায়হান মিয়া, প্রকৌ. মোঃ তুহিনুজ্জামান, ছাত্রনেতা রহমত উল্লাহ শিহাব, রমজান আলী, হাবিবুর রহমান প্রমুখ।
শিক্ষাবার্তা /এ/২০/০৮/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
