সরকারি মাধ্যমিক শিক্ষকদের এন্ট্রিপদ নবম গ্রেড করার দাবিতে মানববন্ধন

নওগাঁঃ সরকারি মাধ্যমিক শিক্ষকদের এন্ট্রিপদ নবম গ্রেড করার দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষকরা।

বুধবার (২০ আগস্ট) দুপুরে শহরের জিলা স্কুলের সামনে নওগাঁ সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবারের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নওগাঁ জিলা স্কুলের সহকারী শিক্ষক ইমতিয়াজ আহমাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জিলা স্কুলের সহকারী শিক্ষক ছাইদুল ইসলাম, অমিত কুমার, রফিকুল ইসলাম, আব্দুল হাকিম, জিল্লুর রহমান, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাতিজা খাতুন, মিজানুর রহমান, সোহেল রানা, আজমুল হুদা, শারমিন ইসলাম, সাদেকুল ইসলাম, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাবিয়া নওরিন, সালমা খাতুনসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা অধিদফতরকে স্বতন্ত্র করতে হবে। চার স্তর বিশিষ্ট একাডেমিক পদসোপান তৈরি করে শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগ দিতে হবে।পদোন্নতি দ্রুত কার্যকর করতে হবে। মেয়াদোত্তীর্ণ প্রকল্প বাতিল ও শিক্ষকদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দিতে হবে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, শিক্ষকদের পেশাগত বৈষম্য দূর করে শিক্ষকদের প্রবেশপদ নবম গ্রেড করা হলে শিক্ষকদের মধ্যে কাজের আগ্রহ বাড়বে এবং মেধাবীরা শিক্ষকতা পেশায় আকৃষ্ট হবে।

এই যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে না নিলে, তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুমিয়ারি দেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০৮/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.